আর্থিক সংকটের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এক মেধাবী ছাত্রীর লেখাপড়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে তার পাশে দাঁড়িয়েছেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খান রিতা।
ওই শিক্ষার্থী মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোনা গ্রামের বাসিন্দা যমুনা রানী দাসের মেয়ে। জানা গেছে, তার দুই মেয়েই বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে তাদের উচ্চশিক্ষার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছিল।
শিক্ষার্থীর আর্থিক সংকটের বিষয়টি জানতে পেরে খাদ্যমন্ত্রী মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাসরিনের মাধ্যমে নিজ অর্থায়নে ওই শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
শুধু শিক্ষার ব্যয় বহনে সহযোগিতা করেই থেমে থাকেননি খাদ্যমন্ত্রী। পরিবারের বসবাসের ঘরটি মেরামতেরও আশ্বাস দিয়েছেন তিনি।
খাদ্যমন্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থী ও তার পরিবারের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। একটি মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষা অব্যাহত রাখতে এমন উদ্যোগকে প্রশংসনীয় বলে মনে করছেন স্থানীয়রা।
সংশ্লিষ্টরা মনে করছেন, অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পাশে সমাজের বিত্তবান ও দায়িত্বশীল ব্যক্তিরা এগিয়ে এলে তাদের উচ্চশিক্ষার পথ আরও সহজ হবে। শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে এ ধরনের সহযোগিতা সমাজে মানবিকতার দৃষ্টান্ত তৈরি করতে পারে।

