মানিকগঞ্জের হরিরামপুরে যুবদল নেতা মো. মোল্লা শাহীনের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, লুটপাট ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রতিবাদে ঝাড়ু ও ব্যানার হাতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় নারীসহ সাধারণ মানুষ।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকার ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা এ কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভ মিছিলটি পদ্মা নদীর ঘাটের দিকে যাওয়ার পথে বিকট শব্দ শোনা যায়।
আন্দোলনকারীদের দাবি, ওই সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং এর সঙ্গে মোল্লা শাহীন ও তাঁর অনুসারীরা জড়িত। তবে পুলিশ বলছে, ককটেল বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি; একটি পটকা ফোটার শব্দ পাওয়া গেছে।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, মোল্লা শাহীন এলাকায় প্রভাব বিস্তার করে চাঁদাবাজি, জোরপূর্বক জমি দখল, লুটপাট এবং খেটে খাওয়া সাধারণ মানুষের ওপর হয়রানি চালিয়ে আসছেন। এসব কর্মকাণ্ডের প্রতিবাদেই তারা ঝাড়ু মিছিল ও মানববন্ধনের আয়োজন করেন।
পরে মানববন্ধনে মিরাজ হোসেন মেম্বারের সঞ্চালনায় এবং বাদল শিকদারের সভাপতিত্বে বক্তব্য দেন হরিরামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম শিকদার, যুবদল নেতা মোতালেব হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসাইন বলেন, পদ্মা নদীতে চ্যানেল চার্জ আদায়কে কেন্দ্র করে দুটি মামলা হওয়ার প্রতিবাদে দুই পক্ষ শান্তিপূর্ণভাবে পৃথক অবস্থান কর্মসূচি পালন করেছে। একটি পক্ষ থানা ঘেরাও করতে পারে—এমন তথ্য থাকায় কর্তৃপক্ষের নির্দেশনায় পুলিশ থানার সামনে অবস্থান নেয়। পরে বিক্ষোভকারীরা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কর্মসূচি পালন করে চলে যান।
ককটেল বিস্ফোরণের বিষয়ে ওসি বলেন, ককটেল বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি। তবে একটি পটকা ফোটার শব্দ পাওয়া গেছে।

