বিপ্লবী ছাত্ররাজনীতি থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

🕙 প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬ । ৯:০০ এএম

একসময় বামপন্থি বিপ্লবী ছাত্র ইউনিয়নের মাধ্যমে ছাত্ররাজনীতিতে হাতেখড়ি। এরপর জাতীয়তাবাদী ছাত্রদল হয়ে দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বে এসেছেন রুহুল কবির রিজভী।

আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে বিএনপি যখন রাজনৈতিকভাবে কোণঠাসা ছিল, তখন দলের গুরুত্বপূর্ণ মুখ হিসেবে সামনে ছিলেন রুহুল কবির রিজভী। প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে এবং দলের চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে অবস্থান করার সময় প্রায় নিয়মিত দলীয় কার্যালয়ে দেখা যেত তাকে। দলের বিভিন্ন সংকটে সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়ে দলের অবস্থান তুলে ধরতেন তিনি।

দীর্ঘ সময় ধরে দল ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব থাকা রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় তার নিজ জেলা কুড়িগ্রামের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ দেখা দিয়েছে।

রুহুল কবির রিজভীর পৈতৃক নিবাস কুড়িগ্রামে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ এবং ইতিহাস বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি আইন বিষয়ে স্নাতক ডিগ্রিও লাভ করেন।

উচ্চ মাধ্যমিক শেষ করার পর বামপন্থি বিপ্লবী ছাত্র ইউনিয়নের মাধ্যমে ছাত্ররাজনীতিতে প্রবেশ করেন রিজভী। তিনি সংগঠনটির রাজশাহী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠার পর তিনি সংগঠনটিতে যোগ দেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পর সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বও পালন করেন।

১৯৮৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন রুহুল কবির রিজভী। ১৯৯০ সাল পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন।

দলের সাংগঠনিক কর্মকাণ্ডেও ধাপে ধাপে গুরুত্বপূর্ণ দায়িত্ব পান তিনি। ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন।

২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করেন রিজভী। এরপর ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়।

এর ধারাবাহিকতায় ২০২৬ সালের ১৫ আগস্ট তাকে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়। সর্বশেষ ২০ আগস্ট ২০২৬ তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ