দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দিনব্যাপী মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলার চরকাটারী, বাঁচামারা ও বাঘুটিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী। সার্বিক সহায়তায় ছিলেন বাংলাদেশ পুলিশ বাহিনী ও মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
অভিযানকালে দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বিচরণে মারাত্মক ক্ষতিকর ৩০০টি অবৈধ চায়না দুয়ারি এবং ০৫টি কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা। পরবর্তীতে জব্দকৃত এসব নিষিদ্ধ জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে পুলিশ সদস্য, সাংবাদিক ও স্থানীয় জনগণের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা বলেন, “দেশীয় প্রজাতির মাছের প্রজনন, সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধভাবে মাছ আহরণে ব্যবহৃত নিষিদ্ধ জালের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। দেশের প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা একান্ত প্রয়োজন।”
উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী জানান, “চায়না দুয়ারি ও কারেন্ট জালের মতো মারাত্মক ক্ষতিকারক ফাঁদগুলো ছোট-বড় সব ধরনের মাছ ও জলজ প্রাণী ধ্বংস করে ফেলে। দেশীয় প্রজাতির মাছের ভবিষ্যৎ বংশবৃদ্ধির পথ সুগম করতে এবং মৎস্যসম্পদ রক্ষায় আমাদের এ কঠোর আইনি পদক্ষেপ ও নজরদারি বজায় থাকবে।”

