মানিকগঞ্জে অপরাধ দমনে শ্রেষ্ঠ ওসি সাটুরিয়া থানার মোশারফ হোসেন,শ্রেষ্ঠ এএসআই রুবেল

🕙 প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৬ । ২:১৬ পিএম

মানিকগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বিশেষ সম্মাননা ও পুরস্কার লাভ করেছেন সাটুরিয়া থানায় কর্মরত ওসি মো. মোশারফ হোসেন। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল ও ক্লুলেস মামলার রহস্য উদঘাটনসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এই শ্রেষ্ঠত্বের মর্যাদায় ভূষিত করা হয়।
​বৃহস্পতিবার (১৩ আগস্ট) মানিকগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ওসি মো. মোশারফ হোসেনের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম।
​এ সময় মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন, পিপিএম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
​একই অনুষ্ঠানে সাটুরিয়া থানার এএসআই (নি:) মোঃ রুবেল আহম্মেদ জেলার ‘শ্রেষ্ঠ এএসআই’ হিসেবে নির্বাচিত হয়ে বিশেষ সম্মাননা স্মারক গ্রহণ করেন। সাটুরিয়া থানার এই জোড়া অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন থানায় কর্মরত সকল পুলিশ সদস্য ও স্থানীয় সচেতন মহল।
​সহকর্মীরা অনুভূতি প্রকাশ করে বলেন, “ওসি মোশারফ হোসেন স্যারের এই অর্জন আমাদের পুরো সাটুরিয়া থানা পুলিশের জন্য অত্যন্ত গর্বের। তাঁর কাজের প্রতি সততা, নিষ্ঠা এবং সাধারণ মানুষকে সেবা দেওয়ার মানসিকতাই আজ এই বড় স্বীকৃতি এনে দিয়েছে। এই সম্মাননা থানার অন্যান্য কর্মকর্তাদেরও সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে আরও বেশি উদ্বুদ্ধ করবে। আমরা সাটুরিয়াবাসীকে একটি নিরাপদ ও শান্তিময় পরিবেশ উপহার দিতে নিরলসভাবে কাজ করে যাব।”
​পুরস্কার প্রাপ্তির পর ওসি মো. মোশারফ হোসেন জানান, “যেকোনো স্বীকৃতি কাজের প্রতি দায়িত্ববোধ বহুগুণ বাড়িয়ে দেয়। এই অর্জন সাটুরিয়া থানার প্রতিটি পুলিশ সদস্যের পরিশ্রমের ফল।” সাটুরিয়া থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষকে দ্রুততম সময়ে আইনি সেবা পৌঁছাতে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ