মেঘনার ঘূর্ণিস্রোতে সিমেন্টবোঝাই ট্রলার ডুবি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ৪ জন

🕙 প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬ । ২:১৯ পিএম

চাঁদপুরের মেঘনা নদীতে তীব্র ঘূর্ণিস্রোতের কবলে পড়ে ৪ হাজার ৪০০ বস্তা সিমেন্টবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে চাঁদপুর নদীবন্দরের প্রবেশমুখে বড় স্টেশন মোলহেড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে ট্রলারে থাকা চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ডুবে যাওয়া ট্রলারটির নাম ‘এইচ এম পরিবহন’। ট্রলারটির সুকানি ছিলেন আইয়ুব আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে নারায়ণগঞ্জ থেকে ৪ হাজার ৪০০ বস্তা সিমেন্ট নিয়ে ট্রলারটি চাঁদপুরের উদ্দেশে রওনা দেয়। দুপুরে নদীবন্দরের প্রবেশমুখে বাগড়া বাজার ঘাটের কাছাকাছি পৌঁছালে বড় স্টেশন মোলহেডসংলগ্ন মেঘনা নদীর তীব্র ঘূর্ণিস্রোতে পড়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।

দুর্ঘটনার পর আশপাশে থাকা নৌযানের মাঝিরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে ট্রলারে থাকা সুকানিসহ চারজনকে নিরাপদে উদ্ধার করেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চাঁদপুর জেলা সিমেন্টবাহী ট্রলার ও বাল্কহেড মালিক সমিতির সভাপতি আকবর হোসেন মাতব্বর জানান, সিমেন্টের ক্ষয়ক্ষতির পাশাপাশি ট্রলারটির ডুবে যাওয়ায় মালিকের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। তাঁর দাবি, ট্রলারটি ছিল মালিকের একমাত্র সম্বল এবং দুর্ঘটনায় প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতি কাটিয়ে উঠতে তিনি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

চাঁদপুর সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন বলেন, ট্রলারটিতে ৪ হাজার ৪০০ বস্তা সিমেন্ট ছিল। দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ