রাজধানীর শেরেবাংলা নগরে একসময় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত গণভবন এখন রূপ নিয়েছে ‘জুলাই ৩৬ গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এ। ১৭ একর এলাকাজুড়ে গড়ে ওঠা এই জাদুঘরে জুলাই গণ-অভ্যুত্থান, গণতান্ত্রিক আন্দোলন এবং সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের নানা স্মারক, দলিল, আলোকচিত্র ও নিদর্শন সংরক্ষণ করা হয়েছে।
জাদুঘরের মূল ফটক দিয়ে প্রবেশ করলেই লাল ইটের পথের দুই পাশে বিভিন্ন ফলজ গাছ দর্শনার্থীদের স্বাগত জানায়। পথের পাশেই রয়েছে ‘গণতন্ত্রের পথে দীর্ঘ যাত্রা’ শীর্ষক প্রদর্শনী, যেখানে স্বাধীনতার পর থেকে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পর্যন্ত দেশের রাজনৈতিক ঘটনাপ্রবাহ ধারাবাহিকভাবে উপস্থাপন করা হয়েছে।

জাদুঘরের অন্যতম প্রধান আকর্ষণ ‘জুলাই মেমোরিয়াল’। প্রধান ফটকের দক্ষিণ পাশে সাদা মার্বেল পাথরে নির্মিত বৃত্তাকার এই স্মৃতিস্তম্ভে আন্দোলনে নিহতদের নাম উৎকীর্ণ রয়েছে। ভেতরের অংশটি প্রতীকী কবরস্থানের আদলে নির্মাণ করা হয়েছে, যা দর্শনার্থীদের আবেগাপ্লুত করে।
খোলা প্রাঙ্গণের বিভিন্ন স্থানে জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে কেন্দ্র করে নির্মিত হয়েছে একাধিক ভাস্কর্য। এর মধ্যে রয়েছে রিকশায় গুলিবিদ্ধ ব্যক্তির প্রতীকী দৃশ্য, সাঁজোয়া যানে ঝুলন্ত আন্দোলনকারীর ভাস্কর্য এবং সাইকেলে মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীর প্রতিরূপ। পাশাপাশি পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, গুমের অভিযোগ, আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান এবং নারী আন্দোলনকারীদের স্মরণে নির্মিত ভাস্কর্যও স্থান পেয়েছে।
জাদুঘরের দক্ষিণ প্রান্তে আলোচিত ‘আয়নাঘর’-এর আদলে একটি প্রতীকী কক্ষ নির্মাণ করা হয়েছে, যেখানে গুমের অভিযোগে ব্যবহৃত কথিত গোপন বন্দিশালার পরিবেশ তুলে ধরা হয়েছে।

দোতলা মূল ভবনের নিচতলায় সংরক্ষণ করা হয়েছে বিভিন্ন দলিল, আলোকচিত্র, ভিডিও, প্রামাণ্য উপকরণ এবং সাবেক সরকারি বাসভবনে ব্যবহৃত ঐতিহাসিক সামগ্রী। একটি বড় কক্ষে স্থাপন করা হয়েছে গোলক আকৃতির ডিজিটাল ডিসপ্লে, যেখানে বিভিন্ন ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রীর বৈঠককক্ষ বা ‘কল রুম’ বিশেষভাবে সংরক্ষণ করা হয়েছে। গণ-অভ্যুত্থানের সময় কক্ষটির যে ক্ষয়ক্ষতি হয়েছিল, তা অক্ষত রাখতে পুরো মেঝে কাচ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। দর্শনার্থীরা কাচের ওপর দিয়ে হেঁটে সেই দৃশ্য দেখতে পারবেন।
দ্বিতীয় তলায় স্থান পেয়েছে জুলাই আন্দোলনের শত শত শহীদের ব্যবহৃত পোশাক, বই, খাতা, ক্রীড়া সামগ্রীসহ বিভিন্ন ব্যক্তিগত স্মারক। এখানে শহীদ আবু ইসাহাকের রক্তমাখা পোশাকও প্রদর্শিত হচ্ছে। একই তলায় দিনভিত্তিক টাইমলাইন, আলোকচিত্র, ভিডিও, দলিল ও শিল্পকর্মের মাধ্যমে আন্দোলনের ধারাবাহিকতা তুলে ধরা হয়েছে। রয়েছে ‘ইমার্সিভ প্রজেক্ট’ কক্ষ, যেখানে ৩৬০ ডিগ্রি প্রযুক্তির ডিজিটাল প্রদর্শনের মাধ্যমে দর্শনার্থীরা আন্দোলনের ঘটনাপ্রবাহের ভিন্নধর্মী অভিজ্ঞতা নিতে পারবেন।
এ ছাড়া বিভিন্ন কক্ষে মিছিল, নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ, সূচিকর্ম, ডিজিটাল পোস্টার, ভাস্কর্য ও শিল্পকর্মের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের নানা অধ্যায় উপস্থাপন করা হয়েছে।
দর্শনার্থীদের জন্য সময়সূচি ও টিকিট
প্রতিদিন তিনটি নির্ধারিত স্লটে মূল ভবন পরিদর্শনের সুযোগ রাখা হয়েছে। প্রথম স্লট সকাল ১১টা থেকে দুপুর ১টা, দ্বিতীয় স্লট দুপুর ১টা থেকে বিকেল ৩টা এবং তৃতীয় স্লট বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। নির্ধারিত সময় শেষে দর্শনার্থীরা জাদুঘরের প্রাঙ্গণ, পুকুরপাড় ও ক্যাফেটেরিয়ায় সময় কাটাতে পারবেন।
জাদুঘরে প্রবেশের টিকিট মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২০ টাকা। টিকিট অনলাইন এবং জাদুঘরের কাউন্টার—উভয় মাধ্যম থেকেই সংগ্রহ করা যাবে।

