বেনজীর আহমেদের জামিন বাতিলে দুবাইয়ে ল’ফার্মের আইনি তৎপরতা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

🕙 প্রকাশিত : ২ আগস্ট, ২০২৬ । ১:৪১ পিএম

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পাওয়ার পর সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিল এবং তাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার আইনি পদক্ষেপ জোরদার করেছে। এ লক্ষ্যে দুবাইয়ে একটি আন্তর্জাতিক ল’ফার্ম নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

রোববার (২ আগস্ট) রাজশাহীতে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদ শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন বলে সরকার অবগত হয়েছে। তার জামিন আদেশ বাতিলের জন্য নিয়োগকৃত ল’ফার্ম প্রয়োজনীয় আইনি কার্যক্রম পরিচালনা করছে।

তিনি জানান, জামিন সংক্রান্ত আদালতের সার্টিফায়েড কপি সংগ্রহের চেষ্টা চলছে। প্রয়োজনীয় নথি হাতে পাওয়ার পর দ্রুত জামিন বাতিলের আবেদন করা হবে। সরকারের প্রত্যাশা, আইনি প্রক্রিয়ার মাধ্যমে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

এর আগে রোববার দুপুরে বেনজীর আহমেদের জামিন ও মুক্তির বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তর জানায়, এ বিষয়ে তাদের কাছে তখন পর্যন্ত কোনো দাপ্তরিক তথ্য ছিল না। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দায়িত্বপ্রাপ্ত দপ্তরগুলো বিস্তারিত তথ্য দিতে পারবে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালত বেনজীর আহমেদের জামিন মঞ্জুর করেন। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ৩০ জুলাই তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

তবে আদালতের নির্দেশ অনুযায়ী জামিনের সঙ্গে একাধিক শর্ত আরোপ করা হয়েছে। এর মধ্যে তার পাসপোর্ট আদালতের হেফাজতে জমা রাখা হয়েছে এবং আদালতের বিশেষ অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না। ফলে কারামুক্ত হলেও আপাতত দেশত্যাগের সুযোগ নেই।

বাংলাদেশ সরকার এ অবস্থায় তার জামিন বাতিল এবং দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া অনুসরণ করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ