বালিয়াটি জমিদার বাড়ি আকস্মিক পরিদর্শন করলেন পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা

🕙 প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৬ । ৪:০৫ পিএম

মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ও দেশের সর্ববৃহৎ বালিয়াটি জমিদার বাড়ি আকস্মিকভাবে পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি প্রত্নতাত্ত্বিক এই স্থাপনাটিতে উপস্থিত হন।
​পরিদর্শনকালে মন্ত্রী জমিদার বাড়ির ঐতিহাসিক ভবন, প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং দর্শনার্থীদের চলাচলের পথ ও সার্বিক সুবিধা ঘুরে দেখেন। এ সময় তিনি দায়িত্বরত কর্মকর্তাদের কাছ থেকে স্থাপনাটির বর্তমান অবস্থা, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা এবং পর্যটকদের নানা সমস্যার কথা গভীর মনোযোগ দিয়ে শুনেন।
​পরিদর্শন শেষে মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন,
​”দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো সঠিকভাবে সংরক্ষণ এবং সেগুলোকে পর্যটনবান্ধব করে গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। বালিয়াটি জমিদার বাড়ির বিদ্যমান সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার ও টেকসই উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।”
​পাশাপাশি তিনি দেশি-বিদেশি দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
​পরিদর্শনকালে মন্ত্রী জমিদার বাড়ির সামনে পর্যটন মন্ত্রণালয়ের ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ওয়াকওয়েটির সম্প্রতি বৃষ্টিতে ধসে যাওয়ার বিষয়টি লক্ষ্য করেন এবং এটি দ্রুত সংস্কারের জন্য সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তাৎক্ষণিক নির্দেশ দেন।
​মন্ত্রীর এ আকস্মিক পরিদর্শনে স্থানীয় বাসিন্দারা ও ঘুরতে আসা পর্যটকরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁরা জানান, জমিদার বাড়িটির সঠিক রক্ষণাবেক্ষণ ও আধুনিক সুযোগ-সুবিধা বাড়ানো হলে এখানে দেশি-বিদেশি পর্যটকদের আগমন আরও বৃদ্ধি পাবে, যা মানিকগঞ্জের পর্যটন ? শিল্পকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। পরিদর্শনকালে উপস্থিত অনেক পর্যটককে মন্ত্রীর সাথে ছবি তুলতেও দেখা যায়।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশন বোর্ডের ডিরেক্টর মহিউদ্দিন হেলাল, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা এবং বালিয়াটি প্রাসাদ জাদুঘরের সহকারী কাস্টোডিয়ান নিয়াজ মাখদুম।

​এছাড়া স্থানীয় বিএনপির প্রতিনিধি হিসেবে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আওয়াল, সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীন আযাদ বিপ্লব, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আমীর হামজা, সদস্য সচিব মো. ফরিদ হোসেন, কৃষক দলের সভাপতি বরকত মল্লিক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন উজ্জামানসহ স্থানীয় বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​উল্লেখ্য, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নে অবস্থিত এই ঐতিহ্যবাহী বালিয়াটি জমিদার বাড়িটি আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় জমিদার বাড়ি হিসেবে পরিচিত।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ