দৌলতপুরে জমি নিয়ে বিরোধ: দখলচেষ্টা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

🕙 প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬ । ৬:৪৪ এএম

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামরা ইউনিয়নের পূর্ব কৈল গ্রামে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে জোরপূর্বক দখলচেষ্টা, মারধর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও এখনও বিরোধের স্থায়ী সমাধান না হওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব কৈল গ্রামের বাসিন্দা আবুল বাশার মন্ডল (৬০) ও তার ছোট ভাই সেলিম মন্ডলের (৪০) মালিকানাধীন একটি জমি নিয়ে একই গ্রামের তুতা মিয়া (৫৫), বাদশা মিয়া (২৮), ইউনুস আলী (২৫) ও রাজা মিয়া (৩২)-এর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

স্থানীয় সূত্র জানায়, বিরোধপূর্ণ জমিটি নিয়ে ইতোমধ্যে অন্তত ১০টি গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর দাবি, গত প্রায় তিন বছর ধরে জমিটি আবুল বাশার মন্ডল ও সেলিম মন্ডলের দখলে রয়েছে।

ভুক্তভোগী আবুল বাশার মন্ডল অভিযোগ করেন, জমিটির বৈধ মালিকানা ও প্রয়োজনীয় কাগজপত্র তাদের নামে থাকা সত্ত্বেও প্রতিপক্ষ বারবার জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে। এতে বাধা দিতে গেলে তাকে ও তার ভাই সেলিম মন্ডলকে মারধর করা হয়। পাশাপাশি বিভিন্ন সময় প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় দৌলতপুর থানায় ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(সি) ধারায় মামলা নং-১৭/২০২৫ দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও কাঙ্ক্ষিত সহযোগিতা পাননি বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, “মামলাটি বর্তমানে বিচারাধীন। এ মামলার আসামিরা আদালত থেকে জামিনে রয়েছেন।”

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত তুতা মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের আশঙ্কা, দীর্ঘদিন ধরে চলমান এ বিরোধ দ্রুত আইনগতভাবে নিষ্পত্তি না হলে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাই তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিরোধের দ্রুত ও সুষ্ঠু নিষ্পত্তির দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ