২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর রাজধানী বুয়েনস আয়ার্সে সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।
রোববার (১৯ জুলাই) ফাইনাল শেষে হাজারো সমর্থক রাজধানীর ঐতিহ্যবাহী ওবেলিস্ক স্মৃতিস্তম্ভ এলাকায় জড়ো হন। শুরুতে তারা হতাশা প্রকাশ করলেও একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সহিংস রূপ নেয়।
বিক্ষুব্ধ সমর্থকেরা দাঙ্গা পুলিশের দিকে ইট, পাথর ও কাচের বোতল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক দাঙ্গা পুলিশ সদস্যকে একজন বিক্ষোভকারীর মাথায় লাথি মারতেও দেখা যায়।

মাঠের লড়াই শেষ হলেও উত্তেজনা ছড়িয়ে পড়ে খেলোয়াড়দের মধ্যেও। ১-০ গোলে পরাজয়ের পর আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার স্পেনের খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ সময় ঘুষি ও লাথি মারার ঘটনাও ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ট্রফি প্রদান অনুষ্ঠানে স্পেনের খেলোয়াড়দের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে থাকেন আর্জেন্টিনার ফুটবলাররা।
এদিকে পরাজয়ের পরও জাতীয় দলের প্রতি সমর্থন জানিয়ে সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি জানান, খেলোয়াড় ও কোচিং স্টাফ যেদিন চাইবেন, সেদিনই সাধারণ ছুটি কার্যকর করা হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, কুসংস্কারের কারণে তিনি নিউ জার্সির স্টেডিয়ামে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচ দেখেননি।
অন্যদিকে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন এখনো জাতীয় ছুটি ঘোষণা না করলেও সোমবার রাজধানী মাদ্রিদে বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সেখানে রাজা ষষ্ঠ ফেলিপে ও প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বিশ্বজয়ী স্পেন দলকে সংবর্ধনা জানাবেন।

