মানিকগঞ্জে প্রাথমিক বৃত্তি পেল ৭৭৭ শিক্ষার্থী, মেধাবৃত্তি ৩০৬, সাধারণ বৃত্তি ৪৭১

🕙 প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬ । ২:৩৬ পিএম

মানিকগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ৭৭৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। তাঁদের মধ্যে ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) পেয়েছে ৩০৬ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৪৭১ জন। সাত উপজেলার মধ্যে সবচেয়ে বেশি বৃত্তি পেয়েছে মানিকগঞ্জ সদর উপজেলার শিক্ষার্থীরা। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

রোববার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের পর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া ৩০৬ শিক্ষার্থীর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৬৫ জন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪১ জন। অন্যদিকে সাধারণ বৃত্তি পাওয়া ৪৭১ শিক্ষার্থীর মধ্যে সরকারি বিদ্যালয়ের ৪০৯ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ৬২ জন।

উপজেলাভিত্তিক ফলাফলে দেখা যায়, মানিকগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ২১৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। তাঁদের মধ্যে ট্যালেন্টপুলে ৮০ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ১৩৭ জন। এরপর সিংগাইর উপজেলায় ১৩৮ জন, সাটুরিয়ায় ১০১ জন, হরিরামপুরে ১০০ জন, ঘিওরে ৭৮ জন, দৌলতপুরে ৭১ জন এবং শিবালয়ে ৬৯ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।

জেলায় বর্তমানে মোট প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫১টি। এর মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ১২১টি, দৌলতপুরে ১০০টি, সিংগাইরে ৯৭টি, হরিরামপুরে ৮৯টি, ঘিওরে ৮৫টি, সাটুরিয়ায় ৮০টি এবং শিবালয়ে ৭৯টি বিদ্যালয় রয়েছে।

এবারের ফলাফলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যেও কয়েকটি বিদ্যালয় ভালো সাফল্য দেখিয়েছে। এর মধ্যে মানিকগঞ্জের আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট ১৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। তাঁদের মধ্যে ট্যালেন্টপুলে ৮ জন এবং সাধারণ বৃত্তিতে ৯ জন নির্বাচিত হয়েছে। ফল প্রকাশের পর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের এ সাফল্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

শিক্ষা-সংশ্লিষ্টরা বলছেন, নিয়মিত পাঠদান, শিক্ষকদের নিবিড় তদারকি, শিক্ষার্থীদের ধারাবাহিক প্রস্তুতি এবং অভিভাবকদের সহযোগিতার কারণে জেলার ফল সন্তোষজনক হয়েছে। তবে সব উপজেলায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়াতে শিক্ষার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ প্রয়োজন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ