পদ্মায় জেলের জালে ধরা পড়ল প্রায় ৪০ কেজির বিরল কাতলা, বিক্রি ৪৬ হাজার টাকায়

🕙 প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬ । ১১:০৩ এএম

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় ৪০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কাতলা মাছ। ব্যতিক্রমী এই মাছটি ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও কৌতূহলের সৃষ্টি হয়। পরে মাছটি ৪৬ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে ভেড়ামারা উপজেলার পদ্মা নদীর রায়টা পাথরঘাট এলাকায় মাছটি ধরা পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওই দিনও জেলে মুরাদ কয়েকজন সহযোগীকে নিয়ে পদ্মা নদীতে বেড়াজাল ফেলেন।

বিকেল ৫টার দিকে জালে অস্বাভাবিক নড়াচড়া টের পেয়ে তারা ধারণা করেন বড় কোনো মাছ আটকা পড়েছে। পরে জাল তীরে তোলার পর দেখা যায়, সেখানে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি কাতলা মাছ।

মাছটি ধরা পড়ার খবর দ্রুত ছড়িয়ে পড়লে সেটি দেখতে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়। স্থানীয়দের অনেকে জানান, পদ্মা নদীর ওই অংশে এত বড় কাতলা মাছ ধরা পড়ার ঘটনা তাদের স্মরণে নেই।

পরে ভেড়ামারা উপজেলার বাসিন্দা রিপন আলী ও তার কয়েকজন বন্ধু মিলে মাছটি কিনে নেন এবং নিজেদের মধ্যে ভাগ করে নেন। তাদের ভাষ্য অনুযায়ী, মাছটির ওজন ছিল প্রায় ৪০ কেজি এবং প্রতি কেজি ১ হাজার ১৫০ টাকা দরে মোট ৪৬ হাজার টাকায় মাছটি কেনা হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ