বিদেশগামী কর্মীদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি এবং দালালচক্রের প্রতারণা প্রতিরোধে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। তিনি বলেন, “নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সচেতনতার কোনো বিকল্প নেই। বিদেশগামী প্রত্যেক কর্মীকে সরকারি নিয়ম মেনে বিদেশ যেতে হবে এবং দালালচক্র সম্পর্কে সতর্ক থাকতে হবে।”
রোববার (১২ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় জানানো হয়, বৈদেশিক কর্মসংস্থান বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। প্রতি বছর ১০ লাখের বেশি কর্মী বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। মানিকগঞ্জ জেলা থেকেও প্রতিবছর প্রায় ২০ হাজার কর্মী বিদেশে যান। কিন্তু সচেতনতার অভাব, দালালচক্রের প্রতারণা, ভুয়া চাকরির প্রলোভন, অতিরিক্ত অর্থ আদায় এবং বিদেশে গিয়ে চুক্তি অনুযায়ী কাজ না পাওয়ার মতো নানা কারণে অনেক কর্মী প্রতারিত হচ্ছেন। এসব অনিয়ম রোধে জেলা প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসক বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকারি সেবাগুলো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি দালালচক্রের বিরুদ্ধে কঠোর নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখতে হবে।
সভায় আরও জানানো হয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতায় নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতামূলক প্রচারণা, বায়োমেট্রিক নিবন্ধন, প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন, বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর)-এর মাধ্যমে অভিযোগ নিষ্পত্তি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) মাধ্যমে দক্ষতা ও ভাষা প্রশিক্ষণ, প্রবাসী কল্যাণ সহায়তা, পুনর্বাসন কার্যক্রম এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের সহজ শর্তে ঋণ সুবিধাসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। এছাড়া বিদেশে কর্মরত বাংলাদেশিদের সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের লেবার উইংয়ের মাধ্যমে দ্রুত সহায়তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌসী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাজাহান সিরাজ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল বাতেন, পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকৌশলী গিয়াস উদ্দিন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ জেলা অভিবাসন সমন্বয় কমিটির সদস্যরা।
মানিকগঞ্জে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা, দালালচক্রের বিরুদ্ধে সমন্বিত উদ্যোগের আহ্বান
নিরাপদ অভিবাসনে সচেতনতার বিকল্প নেই — জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা
🕙 প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬ । ৯:১৪ এএম

