প্রশাসনে বড় রদবদল: যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা

🕙 প্রকাশিত : ৯ জুলাই, ২০২৬ । ২:০৮ পিএম

সরকার প্রশাসনের ১৭২ জন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছে। নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রশাসনে এটিই প্রথম বড় আকারের পদোন্নতি হিসেবে বিবেচিত হচ্ছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে ন্যস্ত করা হয়েছে। তবে নবপদোন্নতিপ্রাপ্ত যুগ্মসচিবদের নতুন কর্মস্থলে পদায়নের বিষয়ে এখনো পৃথক কোনো আদেশ জারি হয়নি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর অথবা ই-মেইলের মাধ্যমে পাঠাতে পারবেন। পদোন্নতির আদেশে উল্লেখিত কর্মস্থল পরিবর্তিত হয়ে থাকলে, সংশ্লিষ্ট কর্মকর্তাকে বর্তমান কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দিতে হবে।

বর্তমানে প্রশাসনে যুগ্মসচিব পদের মোট সংখ্যা এক হাজার ৬১ জন। এবারের পদোন্নতিতে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচকে প্রধান বিবেচনায় নেওয়া হয়েছে। পাশাপাশি পূর্বে পদোন্নতি থেকে বঞ্চিত বিভিন্ন ব্যাচের কর্মকর্তারাও তালিকায় স্থান পেয়েছেন।

‘সরকারের উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২’ অনুযায়ী, যুগ্মসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৭০ শতাংশ প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং ৩০ শতাংশ অন্যান্য ক্যাডারের উপসচিব পদে কর্মরত কর্মকর্তাদের বিবেচনায় নেওয়ার বিধান রয়েছে।

বিধিমালা অনুযায়ী, উপসচিব পদে কমপক্ষে পাঁচ বছর চাকরিসহ সংশ্লিষ্ট ক্যাডারে ন্যূনতম ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা অথবা উপসচিব পদে কমপক্ষে তিন বছর চাকরিসহ মোট ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে কোনো কর্মকর্তা যুগ্মসচিব পদে পদোন্নতির জন্য বিবেচিত হন।

এছাড়া, পরবর্তীকালে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নধর্মী তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট পদোন্নতি আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ