সংসদে রুমিন ফারহানার বক্তব্য প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

🕙 প্রকাশিত : ৩০ জুন, ২০২৬ । ১০:৪২ এএম

ব্যারিস্টার রুমিন ফারহানা তার বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৩০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ ও ছাঁটাই প্রস্তাবের আলোচনায় তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

অধিবেশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ৩১ হাজার ৯৮ কোটি ৮৮ লাখ ১৫ হাজার টাকা মঞ্জুরির দাবি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় বিরোধীদলীয় সংসদ সদস্যরা বরাদ্দ কমিয়ে ১ টাকা করার প্রস্তাব দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়া সত্ত্বেও মন্ত্রণালয়ের বড় বাজেট বরাদ্দের সমালোচনা করেন। ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে বলেন, গত মার্চ ও এপ্রিলে সারাদেশে ৬০৫টি খুন, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি, ১৯৬টি অপহরণ এবং ৩ হাজার ৪৯৬টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। তার দাবি, দেশে প্রতিদিন গড়ে ১০টির বেশি খুন হচ্ছে।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি আরও বেশি কৃতার্থ হতেন যদি রুমিন ফারহানা তার পুরো বক্তব্য মনোযোগ দিয়ে শুনতেন। তিনি বলেন, গত পরশুদিন সংসদে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন খাতভিত্তিক তথ্য ও ক্রাইম রিপোর্ট তুলে ধরা হয়েছে, যা হয়তো তিনি শুনতে পারেননি।

স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, গত ১০ থেকে ১৫ বছরের তুলনায় বর্তমানে খুন, নারী ও শিশু নির্যাতন এবং ডাকাতির পরিসংখ্যানে দেশ ঐতিহাসিকভাবে উন্নত অবস্থানে রয়েছে। তবে ধর্ষণ মামলার সংখ্যা কিছুটা বেড়েছে বলে স্বীকার করেন তিনি।

এর ব্যাখ্যায় তিনি বলেন, আগে সামাজিক ও রাজনৈতিক চাপের কারণে অনেক ভুক্তভোগী থানায় যেতে পারতেন না। এখন থানায় সরাসরি কিংবা অনলাইনে অভিযোগ দায়েরের সুযোগ থাকায় অভিযোগের সংখ্যা বেড়েছে। তিনি আরও বলেন, বর্তমানে কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই অভিযোগ গ্রহণ করা হচ্ছে এবং ঘটনা ঘটলেই পুলিশ দ্রুত ব্যবস্থা নিচ্ছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ