নিরাপদ অভিবাসনের মাধ্যমে টেকসই বৈদেশিক কর্মসংস্থান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

🕙 প্রকাশিত : ২৯ জুন, ২০২৬ । ১২:৪০ পিএম

নিরাপদ অভিবাসন নিশ্চিত করে বৈধ উপায়ে বিদেশে কর্মসংস্থান বৃদ্ধি এবং প্রবাসগামী কর্মীদের সচেতনতা বাড়ানোর লক্ষ্যে মানিকগঞ্জে “নিরাপদ অভিবাসনের মাধ্যমে টেকসই বৈদেশিক কর্মসংস্থান” শীর্ষক এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) মানিকগঞ্জ সরকারি সমন্বিত অফিস ভবনের সম্মেলন কক্ষে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, “বিদেশগামী কর্মীদের যথাযথ প্রশিক্ষণ গ্রহণ অত্যন্ত জরুরি। দক্ষতা অর্জন, বৈধ কাগজপত্র প্রস্তুত এবং সরকারি নিয়ম-কানুন মেনে বিদেশে গেলে প্রতারণার ঝুঁকি অনেকাংশে কমে এবং কর্মসংস্থানের সুযোগ আরও টেকসই হয়।” তিনি বিদেশে যাওয়ার আগে সরকারি অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ এবং সংশ্লিষ্ট দপ্তরের সেবা গ্রহণের আহ্বান জানান।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), মানিকগঞ্জের প্রকৌশলী নূর অতএব আহম্মদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুম এবং মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুল বাতেন,জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. আওলাদ হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূর হোসেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সেমিনারে বক্তারা বলেন, নিরাপদ ও নিয়মতান্ত্রিক অভিবাসন নিশ্চিত করতে বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়ন, সরকারি সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বৈধ নিয়োগ প্রক্রিয়া অনুসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবপাচার, দালালের প্রতারণা ও অবৈধ অভিবাসনের ঝুঁকি এড়াতে সরকারি নিবন্ধন সম্পন্ন করা এবং অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যাওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বিদেশে কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ, সরকারি নিবন্ধন, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত, নিরাপদ অভিবাসনের বিভিন্ন দিক এবং বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ কাজে লাগিয়ে ব্যক্তি, পরিবার ও দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ