দেশজুড়ে নৃশংস হত্যাকাণ্ডে বাড়ছে উদ্বেগ ও অস্থিরতা

🕙 প্রকাশিত : ২৯ জুন, ২০২৬ । ৬:৪২ এএম

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে একের পর এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় জনমনে উদ্বেগ ও অস্থিরতা বাড়ছে। পরিবার, সমাজ ও ব্যক্তিগত দ্বন্দ্বকে কেন্দ্র করে সংঘটিত এসব হত্যাকাণ্ডের ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বিচারহীনতার সংস্কৃতি, সামাজিক বন্ধনের দুর্বলতা এবং অপরাধ দমনে কার্যকর নজরদারির অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও চেয়ারম্যান অ্যাডভোকেট এলিনা খান বলেন, বিচারহীনতার সংস্কৃতি সমাজকে ভয়াবহ অবস্থার দিকে ঠেলে দিচ্ছে। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা গেলে এ ধরনের নৃশংসতা কমে আসতে পারে। তিনি মনে করেন, সামাজিক বন্ধন দুর্বল হয়ে পড়ায় মানুষের সহিষ্ণুতাও কমে যাচ্ছে।

সম্প্রতি লক্ষ্মীপুরের রায়পুরে এক যুবকের বিরুদ্ধে বাসায় ঢুকে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে। নিহতরা হলেন শাহিনুর বেগম (৩৮), তার মেয়ে কলেজছাত্রী সায়মা আক্তার (২১), ইকরা আক্তার (১৭) ও শিফা আক্তার (৯)। ঘটনার পর সন্দেহভাজন অন্তর মজুমদারকে গণপিটুনি দিলে হাসপাতালে নেওয়ার পর তারও মৃত্যু হয়। ঘটনাটি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।

এদিকে রাজধানীর তুরাগ নদ থেকে দুই দিনে তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে দুজন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। একই সময়ে বরিশালের মেঘনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

জয়পুরহাটে গৃহবধূ বন্দনা রানি দাসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, স্বামীর মারধরের কারণে তার মৃত্যু হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. রেজাউল করিম বলেন, কিছু মানুষ অপরাধপ্রবণ হয়ে ওঠে এবং সুযোগ বুঝে অপরাধ সংঘটিত করে। তারা দেখে অপরাধ করেও অনেক সময় পার পাওয়া যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ, নজরদারি ও বিচার নিশ্চিত না হলে অপরাধ বাড়তে থাকে বলে মন্তব্য করেন তিনি।

রোববার জামালপুরের মেলান্দহ উপজেলায় আট মাস বয়সী শিশু শাওনকে হত্যার অভিযোগে তার মা শ্রাবন্তী বেগমকে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করেন। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় একটি ভাড়া বাসা থেকে রাবেয়া ওরফে জেনি খান (২৪) নামে এক নার্সিং শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন। পুলিশ প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে।

মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের ছয় দিন পর এক স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। হত্যার কারণ অনুসন্ধান করছে পুলিশ।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পৃথক ঘটনায় দুই প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন মোহাম্মদ বাবর (২৮) ও মোহাম্মদ তানভির হোসেন (৩০)। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের একটি ফ্ল্যাট থেকে ফারাহ ফেরদৌস (৩২) নামে এক নারী চিকিৎসকের পচনধরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ছিলেন।

বিশেষজ্ঞরা বলছেন, নৃশংস অপরাধ ঠেকাতে কেবল আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা, পারিবারিক বন্ধন ও মানসিক স্বাস্থ্য বিষয়ে গুরুত্ব দেওয়াও জরুরি। পাশাপাশি প্রতিটি ঘটনার দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তারা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ