ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৯ জুন) সকালে উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের বাদৈর ইউনিয়নের মান্দারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সরাইল উপজেলার বৈশ্বামোড়া এলাকার মাসুক মিয়া (১৮) ও আরমান মিয়া (১৭)।
পুলিশ জানায়, সকালে একটি ইটভাটা থেকে ইট নিয়ে ট্রাকটি চারগাছের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মান্দারপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের ওপর থাকা দুই শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত চালক ও হেলপারকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠান।
কসবা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

