১৫ বছর পর এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার চিন্তা ইসির

🕙 প্রকাশিত : ২৭ জুন, ২০২৬ । ৫:০৬ এএম

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নির্দিষ্ট সময় পর বাধ্যতামূলকভাবে নবায়নের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাব অনুযায়ী, এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে তা নবায়ন করতে হতে পারে।

বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও তা বাধ্যতামূলক নয়। তবে নাগরিকদের পরিচয় তথ্য হালনাগাদ রাখতে এ বিধান কার্যকর করার বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ইসি কর্মকর্তারা জানান, দীর্ঘ ১৫ বছরে একজন ব্যক্তির চেহারা, আঙুলের ছাপসহ বিভিন্ন শারীরিক বৈশিষ্ট্যে পরিবর্তন আসতে পারে। এছাড়া কেউ কেউ অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করেন বা অন্যান্য কারণে পরিচয় শনাক্তে জটিলতা তৈরি হয়। এসব বিষয় বিবেচনায় এনআইডির তথ্য নির্দিষ্ট সময় পরপর হালনাগাদ করা প্রয়োজন বলে মনে করছে কমিশন।

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০-এর ধারা ৭(১) অনুযায়ী, একটি এনআইডির মেয়াদ ইস্যুর তারিখ থেকে ১৫ বছর। আইনের ২ ধারায় বলা হয়েছে, মেয়াদ শেষ হওয়ার আগে বা পরে নির্ধারিত পদ্ধতি ও ফি প্রদান সাপেক্ষে কমিশনের কাছে নবায়নের আবেদন করতে হবে।

এদিকে জাতীয় পরিচয়পত্র বিধিমালার ৫ নম্বর বিধিতে বলা হয়েছে, এনআইডি নবায়নের জন্য নাগরিক বা তার আইনানুগ অভিভাবককে ফরম-৫ অনুযায়ী সরাসরি অথবা অনলাইনে আবেদন করতে হবে।

সরাসরি আবেদনের ক্ষেত্রে নির্ধারিত ফি জমা দিয়ে রসিদের কপি সংযুক্ত করে ‘জরুরি’ বা ‘সাধারণ’ আবেদন হিসেবে জমা দিতে হবে। অনলাইনে আবেদন করলে ফি পরিশোধের স্ক্যানকৃত রসিদ ইলেকট্রনিক পদ্ধতিতে দাখিল করতে হবে।

বিধিমালা অনুযায়ী, ‘জরুরি’ আবেদন কমিশনে এবং ‘সাধারণ’ আবেদন স্থানীয় কার্যালয়ে জমা দিতে হবে। আবেদন পাওয়ার পর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবেদন ফরমের অংশ ‘ক’ স্বাক্ষর করে আবেদনকারীকে ফেরত দেবেন। অনলাইনের ক্ষেত্রে মোবাইল নম্বর বা ই-মেইলে অংশ ‘ক’ পাঠানো হবে।

সাধারণ আবেদন নিষ্পত্তির সময়সীমা ৩০ দিন এবং জরুরি আবেদন ৭ দিনের মধ্যে সম্পন্ন করার বিধান রয়েছে। সাধারণ আবেদনের জন্য ১০০ টাকা এবং জরুরি আবেদনের জন্য ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে এনআইডি হারিয়ে গেলে, নষ্ট হলে বা পুরোনো হয়ে গেলে নতুন কার্ডের জন্য আবেদন করা যায়। সে ক্ষেত্রে প্রতিস্থাপন ফি তুলনামূলক বেশি। প্রথমবার সাধারণ আবেদনে ২০০ টাকা ও জরুরি আবেদনে ৩০০ টাকা, দ্বিতীয়বার যথাক্রমে ৩০০ ও ৫০০ টাকা এবং পরবর্তী প্রতিটি আবেদনে সাধারণের জন্য ৫০০ টাকা ও জরুরির জন্য ১ হাজার টাকা ফি দিতে হয়।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, এনআইডি নবায়নের বিষয়টি বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে। বর্তমানে যেকোনো নাগরিক প্রয়োজন হলে আবেদন করে এনআইডি নবায়ন বা নতুন কার্ড নিতে পারেন।

অন্যদিকে জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা জানান, এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার বিষয়টি এখনো পর্যালোচনাধীন রয়েছে। সব দিক বিবেচনা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ