কঙ্গোফেরত চিকিৎসকের শরীরে ফ্রান্সে প্রথম ইবোলা শনাক্ত, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

🕙 প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ । ৭:০৬ এএম

ফ্রান্সে প্রথমবারের মতো ইবোলা ভাইরাসে আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তি একজন চিকিৎসক, যিনি সম্প্রতি কঙ্গোতে মানবিক সহায়তা মিশন শেষে দেশে ফিরেছেন।

বুধবার (২৪ জুন) ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্ত চিকিৎসককে দ্রুত একটি বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়েছে।

ঘটনার পর কঙ্গো থেকে ফিরে আসা স্বাস্থ্যকর্মী ও মানবিক সহায়তাকর্মীদের জন্য বিশেষ পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করেছে ফ্রান্স সরকার। পাশাপাশি আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত ও পর্যবেক্ষণের কাজ চলছে।

গত মাসে কঙ্গোতে আনুষ্ঠানিকভাবে ইবোলার প্রাদুর্ভাব ঘোষণা করা হলেও বিশেষজ্ঞদের ধারণা, তারও কয়েক সপ্তাহ আগে থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়ছিল। এখন পর্যন্ত দেশটিতে এক হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২৬০ জনের বেশি।

কঙ্গোর পূর্বাঞ্চলের ইতুরি, উত্তর কিভু ও দক্ষিণ কিভু প্রদেশে সংক্রমণ সবচেয়ে বেশি ছড়িয়েছে। এর মধ্যে ৯০ শতাংশের বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে ইতুরি অঞ্চলে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, কঙ্গোতে আক্রান্ত ৭৫ জন স্বাস্থ্যকর্মীর মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান প্রাদুর্ভাবটি ইবোলার ‘বান্ডিবুগিও’ ধরনের ভাইরাস থেকে ছড়িয়েছে, যার বিরুদ্ধে এখনো কার্যকর কোনো টিকা আবিষ্কৃত হয়নি।

এদিকে প্রতিবেশী উগান্ডাতেও ইবোলার সংক্রমণ ছড়িয়ে পড়েছে। দেশটিতে এখন পর্যন্ত ২০ জন আক্রান্ত এবং দুজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলে চলমান সংঘাত এবং এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতার কারণে রোগ নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। মার্কিন জনস্বাস্থ্য কর্তৃপক্ষ ও আফ্রিকা সিডিসির আশঙ্কা, বর্তমান পরিস্থিতি ইতিহাসের অন্যতম বড় ইবোলা সংকটে রূপ নিতে পারে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ