ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি বিমান চলাচল চালুর প্রস্তাব দিয়েছে ইরান। দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন ও জনগণের যোগাযোগ আরও শক্তিশালী করতে এ উদ্যোগের প্রতি আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
সোমবার (২২ জুন) জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিমী জাহানাবাদী এ প্রস্তাব উত্থাপন করেন।
সংশ্লিষ্টদের মতে, সরাসরি ফ্লাইট চালু হলে বাংলাদেশ ও ইরানের মধ্যে বাণিজ্যিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক নতুন গতি পাবে।
বৈঠকে ইরানের রাষ্ট্রদূত বলেন, সরাসরি বিমান যোগাযোগ চালু হলে ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং সাংস্কৃতিক বিনিময় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তিনি ভবিষ্যতে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনায় ইরান থেকে স্বল্পমূল্যে পেট্রোকেমিক্যাল পণ্য, ইউরিয়া সার ও বিভিন্ন খাদ্যসামগ্রী আমদানির সম্ভাবনা নিয়ে কথা হয়। পাশাপাশি বাংলাদেশ থেকে তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যের রপ্তানি বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
উভয় পক্ষ মনে করে, সরাসরি ফ্লাইট চালু হলে ব্যবসায়ী, পর্যটক ও বিনিয়োগকারীদের যাতায়াত সহজ হবে এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও বিস্তৃত হবে।

