মাদক সেবনে বাধা দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

মাহমুদুল হাসান মনিসাটুরিয়া থেকে
🕙 প্রকাশিত : ২৪ জুন, ২০২৬ । ১:৪৬ পিএম

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ বাজারে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার সকাল ১০টার দিকে হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সামনে বিল্লাল মার্কেটে এ ঘটনা ঘটে। হামলায় আহত ব্যবসায়ী মো. মুরসালিন বর্তমানে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।তিনি হরগজ বাজারের একজন ব্যবসায়ী এবং স্থানীয় মুনসের আলীর ছেলে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সোমবার সকালে নিজের দোকানের পেছনে এক যুবককে মাদক সেবন করতে দেখে তাকে এ কাজ থেকে বিরত থাকতে বলেন মুরসালিন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, এর কিছু সময় পর সবেদ আলী, তার ছেলে ইমরানসহ কয়েকজন ব্যক্তি লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বিল্লাল মার্কেটে এসে মুরসালিনের ওপর হামলা চালান। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হন।

তার চিৎকার শুনে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে আহত অবস্থায় তাকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, সবেদ আলী ও তার ছেলে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িত। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ