পেনাল্টি থেকে গোল হলে হয়তো বাকি দুটি গোল পেতাম না: মেসি

🕙 প্রকাশিত : ২৩ জুন, ২০২৬ । ৬:৫২ এএম

লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্যে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। এই জয়ে বিশ্বকাপের পরবর্তী পর্বও নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। ম্যাচে জোড়া গোল করার পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

তবে ম্যাচের শুরুটা মোটেও ভালো ছিল না মেসির জন্য। প্রথমার্ধে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন তিনি। তার নেওয়া শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। এতে কিছুটা চাপে পড়ে যায় পুরো দল। কিন্তু পরে নিজের ভুল শুধরে নিয়ে ম্যাচের ৩৮ মিনিটে দুর্দান্ত এক গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। এরপর যোগ করা সময়েও আরেকটি গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি।

এ নিয়ে বিশ্বকাপে আর্জেন্টিনার পাঁচ গোলের সবগুলোই এসেছে মেসির পা থেকে। ম্যাচ শেষে দলের জয় ও নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন আর্জেন্টাইন অধিনায়ক।

ছবি: সংগৃহীত

মেসি বলেন, “আমি এই জয়ের জন্য সত্যিই খুব খুশি, বিশেষ করে এই জয় পাওয়াটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। অনেক লড়াই করে এবং যোগ্য দল হিসেবেই আমরা জয় পেয়েছি। এটি আমাদের সামনের পথচলায় আত্মবিশ্বাস দেবে।”

বিশ্বকাপের প্রতিটি ম্যাচ যে কঠিন, সেটিও মনে করিয়ে দেন তিনি। মেসির ভাষায়, “এটাই বিশ্বকাপ। এখানে প্রতিটি ম্যাচই হাড্ডাহাড্ডি ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। আমরা নকআউট নিশ্চিত করেছি, তাই এই ছয় পয়েন্ট আমাদের স্বস্তি দেবে।”

ম্যাচে পেনাল্টি মিসের প্রসঙ্গ টেনে মেসি বলেন, “আজ আমি একটি পেনাল্টি পেয়েছিলাম, যেটা থেকে ব্যবধান আরও বাড়াতে পারতাম। কিন্তু আমি যদি সেই পেনাল্টিতে গোল করতাম, তাহলে হয়তো বাকি দুটি গোল পেতাম না। ফুটবলে কখন কী হয়, তা নিশ্চিত করে বলা যায় না। তবে দলের পারফরম্যান্স ও ফলাফলে আমি খুবই খুশি।”

অস্ট্রিয়ার বিপক্ষে প্রথম গোলটির মাধ্যমে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ভেঙেছেন মেসি। এখন ১৭ গোল নিয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে রয়েছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবল জাদুকর।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ