রবিবার

২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভরা মৌসুমেও বাড়ছে চালের দাম,কমাইতেই হইবে মূল্য

🕙 প্রকাশিত : ২০ জুন, ২০২৬ । ১০:২৪ পূর্বাহ্ণ

দেশে যখন নতুন ধান ওঠার মৌসুম, তখন স্বাভাবিকভাবেই চালের বাজারে স্বস্তি ফেরার কথা ছিল। কিন্তু বাস্তবে ঘটছে উল্টো চিত্র। বাজারে বিভিন্ন ধরনের চালের দাম হঠাৎ করেই কেজিপ্রতি কয়েক টাকা বেড়ে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে প্রধান খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন চাপ সৃষ্টি করেছে।

সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন কৃষক ও নিম্নআয়ের মানুষ। অধিকাংশ কৃষক পর্যাপ্ত সংরক্ষণ সুবিধা ও আর্থিক সক্ষমতার অভাবে মৌসুমের শুরুতেই কম দামে ধান বিক্রি করতে বাধ্য হয়েছেন। পরে সেই কৃষককেই উচ্চমূল্যে চাল কিনে সংসার চালাতে হচ্ছে। ফলে উৎপাদক হয়েও কৃষক দ্বিগুণ লোকসানের শিকার হচ্ছেন।

বাজার বিশ্লেষকদের মতে, চালের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে মধ্যস্বত্বভোগী, মিলার ও বড় ব্যবসায়ী গোষ্ঠীর প্রভাব স্পষ্ট। ভরা মৌসুমে বিপুল পরিমাণ ধান মজুত করে বাজার নিয়ন্ত্রণের সুযোগ নিচ্ছে একটি শক্তিশালী সিন্ডিকেট। নিয়মিত বাজার তদারকির কথা বলা হলেও বাস্তবে এর কার্যকর প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না।

বিশেষজ্ঞরা মনে করছেন, সরকার যদি সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করে পর্যাপ্ত মজুত গড়ে তুলতে পারত, তাহলে বাজারে অসাধু গোষ্ঠীর একচেটিয়া প্রভাব কমানো সম্ভব হতো। কিন্তু দীর্ঘদিন ধরেই ধান সংগ্রহ ব্যবস্থায় মিলারনির্ভরতা অব্যাহত থাকায় বাজার নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা দুর্বল হয়ে পড়েছে।

অন্যদিকে কৃষকদের জন্য ধান সংরক্ষণও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ব্যাংক ঋণের উচ্চ সুদ, আধুনিক গুদামের অভাব এবং স্থানীয় পর্যায়ে সংরক্ষণ সুবিধা না থাকায় কৃষক বাধ্য হয়ে কম দামে ধান বিক্রি করেন। এতে বাজারে সরবরাহের ভারসাম্য নষ্ট হয় এবং পরে চালের দামে অস্থিরতা দেখা দেয়।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে আধুনিক সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা, কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ বৃদ্ধি, বাজারে কঠোর নজরদারি এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ছাড়া এই সংকট মোকাবিলা সম্ভব নয়।

চালের মূল্য শুধু অর্থনৈতিক নয়, সামাজিক ও রাজনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যেই চালের বাজার স্থিতিশীল রাখা সরকারের অন্যতম বড় দায়িত্ব হয়ে উঠেছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ