ইরানের সঙ্গে নতুন সমঝোতা চুক্তিকে ঘিরে আন্তর্জাতিক বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি চুক্তিটিকে “অত্যন্ত শক্তিশালী” হিসেবে উল্লেখ করে বলেন, এর প্রভাব ইতোমধ্যে বিশ্ববাজারে পড়তে শুরু করেছে।
বুধবার (১৭ জুন) জি-৭ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।
তিনি বলেন, “এটি খুবই শক্তিশালী একটি চুক্তি। এখনো অনেকে পুরো বিষয়টি জানে না, তবে বাজার ইতোমধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে।”
ট্রাম্পের দাবি, সমঝোতা ঘিরে সবচেয়ে বেশি উচ্ছ্বাস দেখা গেছে বাজার সংশ্লিষ্ট অংশগ্রহণকারীদের মধ্যে। এর ফলে বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন।
একইসঙ্গে তিনি জানান, আগামী এক থেকে দুই দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত হয়ে যেতে পারে। বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ হিসেবে বিবেচিত।
তবে ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিলে যুক্তরাষ্ট্র অর্থায়ন করবে—এমন খবর সরাসরি নাকচ করে দেন ট্রাম্প। তিনি বলেন, “আমরা ১০ সেন্টও দিচ্ছি না। কোনো বিনিয়োগ করছি না এবং এ ধরনের কোনো তহবিলও আমাদের নেই।”
তিনি আরও বলেন, উপসাগরীয় দেশগুলো চাইলে ইরানে বিনিয়োগ করতে পারে, তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই।
সূত্র: আল জাজিরা

