সোমবার

১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম, অ্যাপয়েন্টমেন্ট প্রকাশ হবে আগের কার্যদিবসে

🕙 প্রকাশিত : ১৫ জুন, ২০২৬ । ৮:২৭ পূর্বাহ্ণ

ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে পরবর্তী কার্যদিবসের অ্যাপয়েন্টমেন্ট স্লট আগের কার্যদিবসেই অনলাইনে প্রকাশ করা হবে।

সোমবার (১৫ জুন) এক বিজ্ঞপ্তিতে আইভ্যাক এ তথ্য জানায়। একই সঙ্গে আবেদন আপলোডের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ এবং মেডিকেল ভিসার ক্ষেত্রে কঠোর শর্ত আরোপ করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ভিসাপ্রত্যাশীদের দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যারা সফলভাবে ওয়েবফাইল আপলোড করবেন, তাদের জন্য বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের স্লট উন্মুক্ত করা হবে।

আইভ্যাক জানিয়েছে, আপলোড করা ওয়েবফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের আসল পিডিএফ কপি হতে হবে এবং সেটি কোনোভাবেই ৩০ দিনের বেশি পুরোনো হওয়া যাবে না। এছাড়া পরিবর্তিত, সম্পাদিত বা বিকৃত কোনো ফাইল আপলোড করা হলে আবেদন সরাসরি বাতিল হিসেবে গণ্য হবে।

মেডিকেল ভিসার ক্ষেত্রেও নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এখন থেকে মেডিকেল ভিসাধারীদের শুধুমাত্র সেই হাসপাতালেই চিকিৎসা নিতে হবে, যার নাম ভিসা আবেদনে উল্লেখ করা হয়েছিল এবং যার ভিত্তিতে ভিসা ইস্যু করা হয়েছে।

বিশেষ প্রয়োজনে হাসপাতাল পরিবর্তন করতে হলে ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)-এর পূর্ব অনুমতি নিতে হবে। এফআরআরও-এর অনুমোদন ছাড়া হাসপাতাল পরিবর্তনকে ভিসা নীতিমালার গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে।

আইভ্যাক আরও সতর্ক করেছে, নতুন এই নিয়ম অমান্য করলে ভবিষ্যতে সংশ্লিষ্ট ব্যক্তির ভারতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ