সোমবার

১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জনকল্যাণে প্রস্তাবিত বাজেট, কৃষক-জনগণের উন্নয়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕙 প্রকাশিত : ১৪ জুন, ২০২৬ । ৫:১২ পূর্বাহ্ণ

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে কৃষকসহ দেশের সব শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নতুন বাজেট দেশের সাধারণ মানুষের কল্যাণকে গুরুত্ব দিয়েই প্রণয়ন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) রাতে কক্সবাজারের চকরিয়া পৌর বাসটার্মিনালে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রী বলেন, “দু’দিন আগে আমরা যে বাজেট উত্থাপন করেছি, দেশের স্বার্থ নিয়ে যারা ভাবেন তারা বলেছেন—এই বাজেট মানুষের উপকারে আসবে। এটি জনগণের বাজেট।”

তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর থেকে কর কমানো বা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ কিছু গোষ্ঠী এ বাজেটের বিরোধিতা করছে। “যারা জনগণের বাজেটের সমালোচনা করে, তারা আসলে জনগণের রাজনীতি করে না,”—যোগ করেন তিনি।

তারেক রহমান বলেন, কক্সবাজারের কৌশলগত ও অর্থনৈতিক গুরুত্ব দিন দিন বাড়ছে। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চালু হলে এ অঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। এ কারণে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে ৪ লেন থেকে ৬ লেনে উন্নীত করার পরিকল্পনার কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “আনোয়ারা-পটিয়া-বাঁশখালী সড়ক সম্প্রসারণের প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে। খুব শিগগিরই এসব উন্নয়ন কাজ শুরু হবে।”

লবণ চাষিদের দুর্ভোগের কথা তুলে ধরে তিনি বলেন, উৎপাদিত লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার শিগগিরই মূল্য নির্ধারণ করবে। এতে উপকূলীয় অঞ্চলের লবণচাষিরা উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান আকাশপথে কক্সবাজার পৌঁছান। সফরের শুরুতে তিনি পিএমখালী ইউনিয়নে পাতিলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন এবং সুধী সমাবেশে অংশ নেন।

পরে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন শেষে মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এছাড়া পেকুয়া উপজেলায় জুলাই শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন তিনি।

সফরের অংশ হিসেবে নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন সরকারপ্রধান। জনসভা শেষে কক্সবাজারের লং বিচ হোটেলে একটি সুধী সমাবেশে যোগ দেন তিনি। পরে আকাশপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ