শনিবার

১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাতীবান্ধা সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, বিজিবি-গ্রামবাসীর যৌথ প্রতিরোধ

🕙 প্রকাশিত : ১৩ জুন, ২০২৬ । ৬:০৫ পূর্বাহ্ণ

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশ-ইনের একটি প্রচেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসী। শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমঝোল সীমান্তের ৯০৬/৮এস পিলার-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবির লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের মিডিয়া সেল জানায়, রাত সাড়ে ৮টার দিকে সীমান্তের কাছে ১০ থেকে ১২ জনকে বহনকারী একটি গাড়ি এসে থামে। পরে বিএসএফের ৭৮ ব্যাটালিয়নের পাগলীমারী ক্যাম্পের সদস্যরা গাড়িতে থাকা ব্যক্তিদের সীমান্তের কাঁটাতারের বেড়ার গেট দিয়ে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করে।

সীমান্ত এলাকায় অস্বাভাবিক তৎপরতা টের পেয়ে স্থানীয় গ্রামবাসীরা দ্রুত মাইকিং করে লোকজনকে জড়ো করেন এবং বিজিবিকে খবর দেন। পরে বিজিবি সদস্য ও স্থানীয়দের সম্মিলিত প্রতিরোধের মুখে বিএসএফ পিছু হটতে বাধ্য হয়। একপর্যায়ে বিএসএফ ওই ব্যক্তিদের শূন্যরেখা থেকে পুনরায় ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবির লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম বলেন, “যেকোনো ধরনের পুশ-ইন বা অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তজুড়ে সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।”

তিনি স্থানীয়দের উদ্দেশে আরও বলেন, “সীমান্ত এলাকায় কোনো অস্বাভাবিক তৎপরতা চোখে পড়লে আতঙ্কিত না হয়ে দ্রুত বিজিবিকে অবহিত করুন। আপনাদের সচেতনতা ও সহযোগিতা সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের আরও শক্তিশালী করবে।”

সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে সীমান্তে পুশ-ইন ইস্যু নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে উচ্চপর্যায়ে আলোচনা চলমান রয়েছে। এমন পরিস্থিতিতে লালমনিরহাট সীমান্তে বিজিবি ও গ্রামবাসীর ঐক্যবদ্ধ প্রতিরোধকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ