মানিকগঞ্জের ঘিওর উপজেলায় দুই সন্তানের জননী এক গৃহবধূকে (২২) পাটক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে গতকাল রোববার সকালে ঘিওর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাত সাড়ে আটটার দিকে ওই গৃহবধূ পারিবারিক বিষয় নিয়ে মীমাংসার উদ্দেশ্যে তাঁর দ্বিতীয় স্বামীকে নিয়ে স্বজনদের সঙ্গে দেখা করতে যান। সেখান থেকে ফেরার পথে ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের ছোট নিলুয়া এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি তাঁদের গতিরোধ করেন। একপর্যায়ে ওই গৃহবধূকে জোরপূর্বক স্থানীয় ‘শহর মাস্টারের পাটক্ষেতে’ নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা যাচ্ছে না।
তিনি আরও বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যম বা বিভিন্ন মাধ্যমে ওই গৃহবধূর স্বামীকে বেঁধে রাখার যে তথ্য শোনা যাচ্ছে, তা মামলার এজাহারে উল্লেখ নেই। ভুক্তভোগী আমাদের কাছে ঘটনার যে বর্ণনা দিয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশের প্রতিটি ইউনিট কাজ করছে।
উল্লেখ্য, ভুক্তভোগী ওই নারীর বাড়ি দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নে। তিনি বর্তমানে পাবনা সদর থানার দৌগাছি এলাকায় বসবাস করেন। তাঁর প্রথম স্বামী বিদেশে থাকেন। স্থানীয়দের ভাষ্যমতে, ঘটনার পরপরই পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছে।
ঘিওরে স্বামীর সামনেই গৃহবধূকে পাটক্ষেতে নিয়ে ধ#র্ষণ
🕙 প্রকাশিত : ৯ জুন, ২০২৬ । ৫:২৩ অপরাহ্ণ

