বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। এ ধরনের ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবিলায় দলীয় নেতাকর্মীসহ দেশবাসীকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বুধবার (৩ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সরকার কাজ করছে। নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে নানা উন্নয়নমূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
তিনি জানান, ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী বছর থেকে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালু হবে। এছাড়া আগামী দুই বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর লক্ষ্য নিয়ে কাজ চলছে।
সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। যেসব এলাকায় এখনও উন্নয়ন পৌঁছেনি, সেসব এলাকার রাস্তা-ঘাট পর্যায়ক্রমে পাকা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
রুহিয়া উপজেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণের এ দিনে প্রয়াত রাজনৈতিক নেতাদের স্মরণ করে মির্জা ফখরুল বলেন, অনেক প্রবীণ নেতা আজ আমাদের মাঝে নেই। তাদের অবদান রুহিয়ার মানুষ সবসময় স্মরণ রাখবে।
সব ধর্মের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সকল সম্প্রদায়ের মানুষ ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছেন এবং জনগণের সেবা করার সুযোগ করে দিয়েছেন।
তিনি আরও বলেন, তারেক রহমান আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করেছেন, যা দেশের জন্য গর্বের বিষয়। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, মাদক থেকে দূরে থাকতে হবে এবং নতুন নেতৃত্ব গড়ে তুলতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তরুণ সমাজকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানের আগে তিনি রুহিয়া উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন।
এসময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

