মানিকগঞ্জের ঘিওরে জমির বিরোধের জেরে এক শিক্ষক ও এক সাংবাদিকের ওপর অতর্কিত হামলা হয়েছে। প্রতিবেশী এক যুবকের ছুরির আঘাতে ওই দুই ভাই গুরুতর জখম হয়েছেন। শনিবার (৩০ মে) বিকেল ৪টার দিকে উপজেলার পয়লা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন বাহাদুরপুর গ্রামের পরিতোষ কুমার পালের ছেলে পংকজ পাল ও পিযুষ পাল। পংকজ পাল তরা রমজান আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। পিযুষ পাল জাতীয় দৈনিক ‘ঢাকা ডাক’ পত্রিকার জেলা প্রতিনিধি। অভিযুক্ত চঞ্চল কুমার পাল ওই গ্রামের মৃত শ্যামল কুমার পালের ছেলে। এলাকার মানুষের অভিযোগ, চঞ্চলের বিরুদ্ধে মাদক ব্যবসা ও নারী লাঞ্ছনার অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, পিযুষ পাল বাড়িতে কাজ করার সময় চঞ্চল কুমার পাল চাকু নিয়ে তার ওপর হামলা চালায়। চঞ্চল পিযুষের মাথা, ঘাড় ও দুই হাতে কোপায়। বড় ভাই পংকজ পাল বাঁচাতে এলে চঞ্চল তার বুকেও ছুরিকাঘাত করে। গ্রামবাসীরা তাদের উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর চঞ্চল পালের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল।
গ্রামবাসীরা জানান, বাহাদুরপুর মৌজার জমির মালিকানা নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিরোধ। দুই পক্ষই জমির দাবিদার ছিল। এই নিয়ে আদালতে মামলা চললে সম্প্রতি পরিতোষ পালের পক্ষে রায় আসে। এরপর থেকে জমিটি পরিতোষ পাল ভোগদখল করছিলেন। এই রায়ের জেরে চঞ্চল এই হামলা চালিয়েছে।

