শুক্রবার

২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের রাতে সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল যাত্রীর, আহত চালক

🕙 প্রকাশিত : ২৯ মে, ২০২৬ । ৯:৫৩ পূর্বাহ্ণ

ঈদের আনন্দ ঘরে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় ঝরে গেল এক তরুণের প্রাণ। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক সিএনজি যাত্রী। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজি চালক।
বৃহস্পতিবার (২৮ মে) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের ডাবল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ফজলে রাব্বি (২৪) ঝালকাঠি সদর উপজেলার বাউকাঠী গ্রামের ইউসুফ আলীর ছেলে। অন্যদিকে আহত সিএনজি চালক আব্দুর হোসেন (৩৫) বর্তমানে সাভারের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। তিনি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার সাদিয়া পাড়া গ্রামের বাসিন্দা এবং সাভারের হরিণধারা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয় বাসিন্দা শেখ সুরুজ মিয়া ও মুদি দোকানদার সাইফুল ইসলাম জানান, গভীর রাতে হঠাৎ বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে দেখতে পান, একটি সিএনজি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে আছে। দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে গুরুতর আহত চালককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
অন্যদিকে সিএনজির যাত্রী ফজলে রাব্বিকে উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার আমিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত একটি প্রাইভেট কার পেছন দিক থেকে সিএনজিটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সিএনজিটি পুলিশ হেফাজতে রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ