মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা, নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি

🕙 প্রকাশিত : ২৬ মে, ২০২৬ । ১১:৩৫ পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতার সুনির্দিষ্ট হুমকি পাওয়া যায়নি বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র‍্যাব সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে কাজ করছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৬ মে) জাতীয় ঈদগাহ ময়দানের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

র‍্যাব ডিজি বলেন, “পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট থ্রেট বা নাশকতার তথ্য পাওয়া যায়নি। তারপরও জনগণের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।”

তিনি জানান, ঈদ উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মোবাইল চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। জাতীয় ঈদগাহসহ দেশের প্রধান ঈদের জামাতগুলোকে ঘিরেও নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

আহসান হাবীব পলাশ বলেন, “র‍্যাবের সব ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় রোবাস্ট প্যাট্রলিং পরিচালনা করছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তল্লাশি কার্যক্রমও চালানো হচ্ছে।”

ঈদকে কেন্দ্র করে কালোবাজারি, অবৈধ মজুত, দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্যে ভেজাল এবং নকল পণ্য বাজারজাত প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে অনলাইন মনিটরিং কার্যক্রমও সার্বক্ষণিক চালু থাকবে বলে উল্লেখ করেন র‍্যাব প্রধান।

তিনি আরও বলেন, ঈদের ছুটিতে রাজধানী ও বড় শহরগুলোতে জনসমাগম কমে যাওয়ায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঝুঁকি বাড়তে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে রাত্রিকালীন নিরাপত্তাচৌকি ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে র‍্যাব সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান তিনি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ