মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রামে ভাগিনার হাতে সাথী আক্তার (২৮) নামে এক গৃহবধূ খুন হওয়ার অভিযোগ উঠেছে।
রোববার (২৪ মে) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাথী আক্তার উপজেলার কাটিগ্রাম এলাকার প্রবাসী শুকুর আলীর স্ত্রী। অভিযুক্ত রিপন মিয়া (১৯) নিহতের আপন ভাগিনা। তিনি একই এলাকার আতাউর রহমান আতার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাড়িতে সাথী আক্তারের সঙ্গে ভাগিনা রিপন মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রিপন ধারালো অস্ত্র দিয়ে সাথী আক্তারের গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত সাথী আক্তারের সাথে তার ভাগিনা রিপন মিয়ার পরকীয়া সম্পর্ক ছিল।
খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের মরদেহের পাশে ধারালো অস্ত্র নিয়ে একই কক্ষে দরজা বন্ধ করে অবস্থান করছিলেন অভিযুক্ত রিপন মিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন।
তিনি জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। একই সঙ্গে অভিযুক্ত রিপন মিয়াকে আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

