মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় প্রথমবারের মতো চাষ করা ব্রি ধান-১০৮ জাতের ধানে বাম্পার ফলন পেয়েছেন কৃষকরা। চলতি বোরো মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় এ জাতের ধান চাষ করে ব্যাপক সফলতা পাওয়ায় কৃষকদের মাঝে দেখা দিয়েছে নতুন আশাবাদ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার প্রথমবারের মতো উপজেলার প্রায় ৮০ হেক্টর জমিতে ব্রি ধান-১০৮ এর আবাদ করা হয়েছে। এর মধ্যে সাটুরিয়া সদর, হরগজ, দড়গ্রামসহ উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে এ ধানের চাষ করা হয়।
কৃষি বিভাগের তথ্যমতে, অবাদের প্রথমবারেই ৮০ হেক্টর জমিতে ফলন গড়ে ৯.৫ টন পাওয়া যাচ্ছে, যা স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ভালো ফলন ও রোগবালাই তুলনামূলক কম হওয়ায় কৃষকরা এ জাতের ধান চাষে আগ্রহী হয়ে উঠেছেন।
কৃষকেরা জানান, প্রথমবার এ ধান আবাদ করলেও ফলন অত্যন্ত ভালো হয়েছে। ধানের শীষ বড় এবং ধানও তুলনামূলক বেশি হওয়ায় তারা সন্তুষ্ট। উৎপাদন খরচের তুলনায় লাভ বেশি হবে বলেও আশা করছেন তারা। এ ছাড়াও আগামী মৌসুমে আরও বেশি জমিতে ব্রি ধান-১০৮ চাষ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তারা ।
সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম বলেন , ব্রি ধান-১০৮ একটি উচ্চ ফলনশীল ও উন্নত জাতের ধান। সঠিক পরিচর্যা ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের কারণে কৃষকরা কাঙ্ক্ষিত ফলন পেয়েছেন। কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

