রবিবার

২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় মামলা, ছাত্রদল নেতাসহ আসামি ৮

🕙 প্রকাশিত : ২৩ মে, ২০২৬ । ৬:২৯ পূর্বাহ্ণ

ঝিনাইদহ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা, মারপিট ও মালামাল ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জেলা ছাত্রদলের শীর্ষ নেতাসহ ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (২২ মে) রাতে ঝিনাইদহ সদর থানায় মামলাটি করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেকুল ইসলাম তারেক রেজা।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন ইসলামী ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহ-সভাপতি নয়ন হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি মোবারেক হোসেন ইমন, সাবেক যুগ্ম সম্পাদক হাদুসহ মোট ৮ জন।

এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজ শেষে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী ও দলের নেতাকর্মীরা শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় একদল হামলাকারী অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা ঘুষি, ইটপাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট ও ধারালো অস্ত্র ব্যবহার করে নাসীরুদ্দীন পাটওয়ারী, তানাইম, আসিফ, আলামিন, হাসিবুর রহমান, নাহিয়ান খান নিয়াজ ও অয়ন রহমান খানসহ বেশ কয়েকজনকে গুরুতর আহত করে।

মামলায় আরও উল্লেখ করা হয়, হামলার সময় একটি সনি আলফা এ৬৪০০ ডিএসএলআর ক্যামেরা, ট্যামরন লেন্স, মেমোরি কার্ড, কয়েকটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করা হয়। ছিনতাই হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা বলে দাবি করা হয়েছে।

এছাড়া হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগের আগে এনসিপি নেতাকর্মীদের প্রাণনাশের হুমকি দেয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এনসিপির পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ