সিংগাইরে পেঁপে ক্ষেত থেকে মরদেহ উদ্ধার

🕙 প্রকাশিত : ৩ জুলাই, ২০২৬ । ১:৫৫ পিএম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার একটি পেঁপে ক্ষেত থেকে সামশুল (৪৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত সামশুল উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। শুক্রবার (৩ জুলাই) সকালে বাড়ির পাশের একটি পেঁপে ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় হাঁটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সামশুল। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা সিদ্দিক মিয়ার পেঁপে ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা মরদেহটি বাড়িতে নিয়ে আসেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকজনিত কারণে মারা যেতে পারেন। পারিবারিক সূত্রে জানা গেছে, এর আগেও তিনি দুইবার স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ