রামপুরায় তরুণকে গুলি ও তিন হত্যা মামলার রায় আজ, কাঠগড়ায় ৫ পুলিশ কর্মকর্তা

🕙 প্রকাশিত : ২৮ জুন, ২০২৬ । ৫:১২ এএম

জুলাই আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি এবং আরও দুজনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় আজ রোববার ঘোষণা করা হবে।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় ঘোষণা করবেন। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রায় ঘোষণার কার্যক্রম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

এটি জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পঞ্চম রায়।

মামলায় মোট পাঁচজনকে আসামি করা হয়েছে। তারা হলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমানসহ পাঁচজন। এদের মধ্যে একমাত্র গ্রেপ্তার আসামি সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকার।

গত বছরের ১৮ সেপ্টেম্বর মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল-১।

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরার দক্ষিণ বনশ্রী এলাকায় ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি করা হয়। একই ঘটনায় পুলিশের ছোড়া গুলিতে শিশু বাসিত খান মুসার মাথা ভেদ করে তার দাদি মায়া ইসলাম নিহত হন। এছাড়া নাদিম নামে আরও একজন নিহত হওয়ার অভিযোগ রয়েছে।

মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করা হয়েছে। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ