মঙ্গলবার

৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইর পৌরসভাকে ঢেলে সাজাতে চান বিএনপি নেতা মিঠু

🕙 প্রকাশিত : ৫ মে, ২০২৬ । ১০:১৪ পূর্বাহ্ণ

মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও জনপ্রতিনিধি হিসেবে কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি পৌরবাসীর সেবা করতে চান।
দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু সিংগাইর সদর ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান। তিনি প্রায় ১৯ বছর ধরে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। স্থানীয়দের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ও জনসম্পৃক্ততার কারণে তিনি এলাকায় বেশ পরিচিত মুখ।

জানাগেছে, তার বাড়ি সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামে। তিনি সাবেক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহুম দেওয়ান মাজহারুল হক মহরের ছেলে।পারিবারিকভাবে রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় ছোটবেলা থেকেই রাজনৈতিক পরিবেশে বেড়ে ওঠেন।
১৯৯৩ সালে ছাত্রদলের ক্রিয়া সম্পাদক হিসেবে তার রাজনৈতিক জীবন শুরু হয়। এরপর তিনি ধাপে ধাপে ছাত্রদল, যুবদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন। বর্তমানে তিনি সিংগাইর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও দায়িত্বে রয়েছেন।

মেয়র পদে প্রার্থী হওয়ার বিষয়ে তিনি বলেন, “সিংগাইর পৌরসভা দীর্ঘদিন ধরে নানা সমস্যায় অবহেলিত। আমি নির্বাচিত হলে পৌরসভাকে একটি আধুনিক ও বাসযোগ্য শহরে রূপ দিতে চাই।”
তিনি জানান, পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন তার অগ্রাধিকার থাকবে। জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নিরাপদ খাবার পানির সংকট দূর করতে টেকসই ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাদক সমস্যাকে অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে মিঠু বলেন, “আমি একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে চাই। এজন্য প্রশাসন ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কাজ করবো।”

তিনি বলেন, সামাজিক সমস্যা নিয়েও কাজ করবো। বাল্যবিবাহ ও ঘনঘন তালাকের মতো সমস্যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলে। এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠা তার মূল লক্ষ্য। পৌরসভার সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে কাজ করবেন। নাগরিকদের হয়রানি কমাতে ডিজিটাল সেবা চালুর কথাও জানান তিনি।

ভোটারদের উদ্দেশ্যে মিঠু বলেন, “আপনারা আপনাদের মূল্যবান ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করুন। যোগ্য ও জনবান্ধব প্রার্থীকে নির্বাচিত করুন। কোনো প্রভাব বা বিভ্রান্তিতে না পড়ে নিজেদের বিবেক অনুযায়ী সিদ্ধান্ত নিন।”
দেওয়ান মাহবুবুর রহমান মিঠু আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণ তার অতীত কাজ ও অভিজ্ঞতা বিবেচনা করে তাকে সমর্থন দেবেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ