মঙ্গলবার

২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে চাঞ্চল্যকর অপহরণ মামলা: নাবালিকা উদ্ধার, প্রধান অভিযুক্ত জাহিদ গ্রেফতার

🕙 প্রকাশিত : ২ জুন, ২০২৬ । ১১:৩৯ পূর্বাহ্ণ

রংপুরের মিঠাপুকুরে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় ভুক্তভোগীকে উদ্ধারসহ প্রধান অভিযুক্ত জাহিদ হাসানকে (২৯) গ্রেফতার করেছে র‌্যাব-১৩। মানিকগঞ্জের শিবালয় থানা এলাকার পাটুরিয়া ফেরিঘাট থেকে তাকে আটক করা হয়।

সোমবার (১ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

গ্রেফতার জাহিদ হাসান মিঠাপুকুর উপজেলার পশ্চিম চুহর এলাকার ফারুক মিয়ার ছেলে।

র‌্যাব ও মামলার এজাহার সূত্রে জানা যায়, অপহৃত নাবালিকা স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে অভিযুক্ত জাহিদ দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব ও বিয়ের প্রলোভন দেখিয়ে উত্ত্যক্ত করছিল। তবে ওই শিক্ষার্থী তার প্রস্তাবে সাড়া না দিলে গত ২৪ মে স্কুল থেকে বাড়ি ফেরার পথে মিঠাপুকুরের বৈরাগীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে জাহিদ ও তার সহযোগীরা জোরপূর্বক তাকে অপহরণ করে। পরে একটি মাইক্রোবাসে করে তাকে নিয়ে যাওয়া হয়।

পরিবারের সদস্যরা মেয়েটিকে খুঁজে না পেয়ে গত ৩০ মে মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা দায়ের করেন।

মামলার পরপরই র‌্যাব-১৩ গোয়েন্দা তৎপরতা শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ৩১ মে সন্ধ্যায় মানিকগঞ্জের শিবালয় থানার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার এবং প্রধান অভিযুক্ত জাহিদ হাসানকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ