মঙ্গলবার

২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মশা মারা শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসতে বললেন প্রধানমন্ত্রী

🕙 প্রকাশিত : ২ জুন, ২০২৬ । ৭:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মশক নিয়ন্ত্রণ ও নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য ফ্লোরিডা সফরের অনুমোদন চেয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো সারসংক্ষেপ অনুমোদন না দিয়ে প্রধানমন্ত্রী দেশীয় বাস্তবতার মধ্যেই কার্যকর সমাধান খুঁজে বের করার নির্দেশনা দিয়েছেন।

সরকারি সূত্র জানায়, বিদেশি প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসি’র অর্থায়নে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল। সফরের উদ্দেশ্য ছিল মশক নিয়ন্ত্রণ ও নিধনের আধুনিক ও উদ্ভাবনী পদ্ধতি পর্যবেক্ষণ করা।

তবে এ প্রস্তাবের বিষয়ে প্রধানমন্ত্রী মন্তব্য করেন, মশা দমন শেখার জন্য বিদেশ সফরের প্রয়োজন নেই। দেশের বাস্তব পরিবেশ ও পরিস্থিতির মধ্যেই কার্যকর উপায় বের করা সম্ভব।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় বলা হয়, “মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।”

এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদ নিয়ে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর দায়িত্বে আসেন ডা. শাহাদাত হোসেন। ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী বিজয়ী ঘোষণা হন। পরে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে একই বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার ১৮ আগস্ট চট্টগ্রামসহ দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে। এরপর ১ অক্টোবর নির্বাচনী ট্রাইব্যুনাল রেজাউল করিম চৌধুরীর নির্বাচিত হওয়া বাতিল করে শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করে। পরে ৩ নভেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে মেয়র হিসেবে শপথ নেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ