রবিবার

২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে ৯ জন হত্যার মামলা: নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

🕙 প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬ । ৬:৫৩ পূর্বাহ্ণ

চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হবে।

রোববার (২৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। জানা গেছে, এদিন প্রথমে প্রসিকিউশন অভিযোগ গঠনের পক্ষে শুনানি উপস্থাপন করবে। এরপর আসামিপক্ষের আইনজীবীরা আসামিদের অব্যাহতি চেয়ে (ডিসচার্জ) যুক্তি উপস্থাপন করবেন।

এর আগে গত ১৫ এপ্রিল শুনানির তারিখ থাকলেও প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সেটি দ্বিতীয়বারের মতো পেছানো হয়। ওইদিন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সময়ের আবেদন জানিয়ে বলেন, নির্ধারিত তারিখে উভয় পক্ষই শুনানি উপস্থাপন করবে।

মামলায় মোট আসামি ২৮ জন। তাদের মধ্যে গ্রেপ্তার হয়েছেন চারজন—নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখা সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি। অন্যদিকে পলাতকদের মধ্যে রয়েছেন শেখ ফজলে নূর তাপস, ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন। তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে গত ৮ এপ্রিল শুনানির দিন ধার্য থাকলেও প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ না করার অভিযোগে আসামিপক্ষ শুনানি পেছানোর আবেদন জানায়।

চলতি বছরের ১৮ জানুয়ারি প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে আদালত ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নৃশংস হামলা চালায়। আসামিদের উসকানি ও প্রত্যক্ষ-পরোক্ষ অংশগ্রহণে নিরীহ আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হলে মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফাইয়াজসহ ৯ জন নিহত হন এবং আরও অনেকে আহত হন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ