মানিকগঞ্জে ৩০ জন স্কুল শিক্ষার্থীকে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ প্রদান শেষে আনুষ্ঠানিকভাবে সনদ বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে এই সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খান এবং মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির আওতায় আয়োজিত এ প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন সাবেক দ্রুততম মানব ও অ্যাথলেটিক্স কোচ মাসুদুল করিম।
সনদ বিতরণকালে বক্তারা বলেন, তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়ার গুরুত্ব অপরিসীম। তৃণমূল পর্যায়ে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকলে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের দক্ষ ক্রীড়াবিদ তৈরি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ফুটবলার মোসারফ হোসেন বাদল, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য আব্দুল খালেক শুভ, মীর নাঈমুর রহমান প্লাবন, ড্রাগন স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাজেদুল আলম তপন এবং স্টেডিয়াম বয়েজের সভাপতি ফারাবী রহমান বাঁধনসহ স্থানীয় ক্রীড়া সংগঠকরা।

