সোমবার

২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপদ ও স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত হোক

🕙 প্রকাশিত : ২৫ মে, ২০২৬ । ৬:৪৬ পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল আজহা সামনে এলেই রাজধানীসহ দেশের বড় শহরগুলো থেকে মানুষের গ্রামমুখী যাত্রা শুরু হয়। প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে এই যাত্রা যেমন আবেগের, তেমনি এটি দেশের সড়কব্যবস্থা, প্রশাসনিক দক্ষতা ও নাগরিক সচেতনতারও বড় পরীক্ষা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রতি বছরের মতো এবারও ঈদযাত্রাকে ঘিরে দেখা দিয়েছে যানজট, ভোগান্তি ও দুর্ঘটনার শঙ্কা।

হাইওয়ে পুলিশ ইতোমধ্যে দেশের বিভিন্ন মহাসড়কে প্রায় শতাধিক যানজটপ্রবণ স্থান চিহ্নিত করেছে। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও উত্তরবঙ্গগামী সড়কগুলোতে অতিরিক্ত চাপের আশঙ্কা রয়েছে। কোথাও চলমান উন্নয়নকাজ, কোথাও টোল প্লাজার ধীরগতি, আবার কোথাও অবৈধ যানবাহন ও অনিয়ন্ত্রিত বাজারের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

বাস্তবতা হলো, দেশের পরিবহন সক্ষমতার তুলনায় ঈদের সময় যাত্রীর সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। ফলে অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য রাস্তায় নামানো হয় অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ যানবাহন। এতে বাড়ে দুর্ঘটনা, দীর্ঘ হয় যানজট এবং দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

সরকারের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ডিজিটাল টোল ব্যবস্থা চালুসহ কিছু ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কেবল ঘোষণা নয়, কার্যকর বাস্তবায়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মহাসড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ, যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধ এবং টোল ব্যবস্থাপনায় গতি আনা এখন সময়ের দাবি।

একই সঙ্গে নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। জীবনের ঝুঁকি নিয়ে বাসের ছাদে ভ্রমণ, অতিরিক্ত যাত্রী বহন কিংবা ট্রাফিক আইন অমান্য করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। কয়েক ঘণ্টা আগে পৌঁছানোর চেয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছানোই হওয়া উচিত সবার অগ্রাধিকার।

এছাড়া আবহাওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। বৃষ্টির কারণে অসমাপ্ত সড়ক উন্নয়নকাজের এলাকায় দুর্ভোগ বেড়ে যেতে পারে। তাই জরুরি উদ্ধারকারী দল ও বিকল্প ব্যবস্থা প্রস্তুত রাখা জরুরি।

ঈদযাত্রা শুধু এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার বিষয় নয়; এটি মানুষের আবেগ, নিরাপত্তা ও স্বস্তির সঙ্গে জড়িত। উন্নত অবকাঠামোর পাশাপাশি দক্ষ ব্যবস্থাপনা, কঠোর নজরদারি এবং নাগরিক সচেতনতার সমন্বয়েই কেবল একটি নিরাপদ ও মানবিক ঈদযাত্রা নিশ্চিত করা সম্ভব। এবার সেই সক্ষমতারই পরীক্ষা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ