ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। এনসিপির মামলার পর এবার ছাত্রদলের পক্ষ থেকেও মামলা করা হয়েছে। মামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাসহ ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
শনিবার (২৩ মে) জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. এনামুল কবির বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন— মেহেদী হাসান (আশিক), সিয়াম উদ্দিন তুর্য, তানাঈম, আসিফ, অয়ন রহমান খান, তাইন, জয়নাল, আলমগীর, শাহরিয়ার অভীক, লাবাবুল বাশার, শিহাব শাহ, নয়ন, সুলতান, হৃদয়, রুবায়েত হাসান, শেখ সামি, রিফাত, হাকিম, কাইসার ও ইমরান।
এর আগে শুক্রবার রাতে একই ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আটজনের নাম উল্লেখ করে আরও ১১০ থেকে ১১৫ জনের বিরুদ্ধে মামলা করেন এনসিপি নেতা তারেক রেজা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাদী এনামুল কবির ঝিনাইদহ পৌরসভার পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে তিনি দেখতে পান, এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী জেলা শাখার নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন। এ সময় তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে নিয়ে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য দেন বলে অভিযোগ করা হয়। এতে তারেক রেজা উসকানি দেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, ওই বক্তব্যের প্রতিবাদ করলে এনসিপির নেতা-কর্মীরা ছাত্রদল নেতাদের ওপর হামলা চালান। একপর্যায়ে বাদী এনামুল কবিরকে মারধর করা হয়। আসামি তানাঈম ইট দিয়ে মাথায় আঘাত করলে তার কপাল ফেটে যায়। তাকে রক্ষা করতে গেলে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ, ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি হৃদয় হোসেন এবং জেলা ছাত্রদলের সদ্য সাবেক সহসভাপতি নয়ন হাওলাদারসহ আরও কয়েকজন আহত হন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরের পুরোনো কালেক্টরেট জামে মসজিদের সামনে এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এতে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কয়েকজন আহত হন। ঘটনার পর শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সূত্র: ইত্তেফাক

