রবিবার

২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ফের ইসরায়েলি হামলা, নিহত ২৭

🕙 প্রকাশিত : ২১ জুন, ২০২৬ । ৪:৩৮ পূর্বাহ্ণ

যুদ্ধবিরতি কার্যকরের পরও দক্ষিণ ও পূর্ব লেবাননে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার বিকাল পর্যন্ত চলা এসব হামলায় অন্তত ২৭ জন নিহত এবং আরও ২৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্থানীয় গণমাধ্যম ও জরুরি সেবাকর্মীরা।

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) দাবি করেছে, হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। তাদের অভিযোগ, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধবিরতির একদিন পরই ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়ে চুক্তি লঙ্ঘন করেছে।

আইডিএফ এক বিবৃতিতে জানায়, রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী তারা যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। এক সামরিক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সেনাবাহিনীকে লেবাননে ‘গুলি বন্ধ রাখার’ নির্দেশ দিয়েছেন।

এদিকে, রাজনৈতিক নেতৃত্ব ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ের পর এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের চ্যানেল ১২ নিউজ।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাঠানো এক বিবৃতিতে এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ইসরায়েল তার উত্তর সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে যতদিন প্রয়োজন, ততদিন দক্ষিণ লেবাননে অবস্থান করবে। একই সঙ্গে নেতানিয়াহু আইডিএফকে হিজবুল্লাহর যেকোনো হামলার কঠোর জবাব দিতে এবং সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।

ইসরায়েলি বাহিনীর দাবি, গত দুই দিনে হিজবুল্লাহর হামলার জবাবে তারা প্রায় ৩০০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং এতে প্রায় ১০০ জন নিহত হয়েছে।

তবে হিজবুল্লাহর হামলায় নিজেদের কোনো হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি আইডিএফ। ইসরায়েলি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে আবার হামলা হলে আরও কঠোর পাল্টা জবাব দেওয়া হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ