রবিবার

২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

🕙 প্রকাশিত : ২১ জুন, ২০২৬ । ৪:৫৩ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়ার উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে রোববার (২১ জুন) এই সফর শুরু হচ্ছে।

জানা গেছে, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট বিকেলে ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে ছেড়ে যাবে।

মালয়েশিয়া সফর শেষে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে সরাসরি চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী। দুই দেশের এই সফরকে বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছে সরকার।

সফর উপলক্ষে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানান, প্রধানমন্ত্রীর চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রোটোকলসহ মোট ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় দলিলে সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে।

তিনি বলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর।

পররাষ্ট্রসচিব আরও জানান, মালয়েশিয়া ও চীন সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী প্রতিনিধিদল তুলনামূলক ছোট রাখা হয়েছে। এতে প্রায় ২৭ থেকে ২৮ জন সদস্য রয়েছেন।

তিনি বলেন, “আমরা সফরকে কার্যকর ও যুক্তিসংগত পর্যায়ে রাখার চেষ্টা করেছি।” সরকারের মতে, এই সফরের মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, অর্থনৈতিক অংশীদারিত্ব সম্প্রসারণ এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধির নতুন সুযোগ তৈরি হবে।

আগামী ২৫ জুন বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে।

চীন সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী লিয়াওনিং প্রদেশের দালিয়ানে অনুষ্ঠিতব্য ‘নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম বার্ষিক সম্মেলন বা সামার দাভোস ফোরামেও অংশ নেবেন। ২৩ থেকে ২৫ জুন অনুষ্ঠিত এ সম্মেলনের প্রতিপাদ্য ‘ইনোভেটিং অ্যাট স্কেল’।

ফোরামে বিশ্বের ৯০টির বেশি দেশ ও অঞ্চলের প্রায় ১ হাজার ৭০০ প্রতিনিধি অংশ নেবেন। সেখানে বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তিগত অগ্রগতি এবং উদ্ভাবনভিত্তিক প্রবৃদ্ধি নিয়ে আলোচনা হবে।

সরকারি সূত্রে জানা গেছে, মালয়েশিয়া সফরে বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজারে সহযোগিতা ও বিনিয়োগ বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাবে। অন্যদিকে চীন সফরে অবকাঠামো, প্রযুক্তি, সংযোগ ও উন্নয়ন সহযোগিতা আরও গভীর করার বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে।

প্রধানমন্ত্রী আগামী শুক্রবার রাতে দেশে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ