বিশেষ চাহিদাসম্পন্ন ১৭ বছর বয়সী তরুণ ওয়াকিমুল ইসলামের উদ্ভাবিত ব্যাটারিচালিত ‘এ টু আই স্মার্ট কার’ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৯ মে) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তরুণ উদ্ভাবকের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
এসময় ওয়াকিমুল নিজেই গাড়িটি চালিয়ে প্রধানমন্ত্রীকে ঘুরিয়ে দেখান। যশোরের চৌগাছা সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ওয়াকিমুল জানান, একা বাইরে চলাফেরা করতে না পারার সীমাবদ্ধতা থেকেই এই গাড়ি তৈরির চিন্তা মাথায় আসে। পরে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে তিনি ব্যাটারিচালিত স্মার্ট কারটি তৈরি করেন।
ওয়াকিমুলের সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রীকে তার উদ্ভাবনের গল্প শোনানো হয়। তিনি বলেন, একসময় সারাদিন ঘরে বসে থাকতে হতো তাকে। নিজের চলাচলের সমস্যার সমাধান করতেই তিনি এই বিশেষ বাহন তৈরির উদ্যোগ নেন।
বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেস) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল জানান, গাড়িটি একবার চার্জে প্রায় ৫০ কিলোমিটার চলতে সক্ষম এবং এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪৫ কিলোমিটার। তিনি ওয়াকিমুলের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির মাধ্যমে এমন উদ্ভাবনী উদ্যোগ নেওয়ায় ওয়াকিমুলের প্রশংসা করেন। পাশাপাশি কম খরচে আরও আধুনিক ও সহজে ব্যবহারযোগ্য স্মার্ট কার তৈরির পরামর্শ দেন এবং এ ধরনের সৃজনশীল উদ্যোগে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
ওয়াকিমুল বলেন, প্রয়োজনীয় সহায়তা পেলে তিনি আরও উন্নতমানের স্মার্ট কার তৈরি করতে চান, যা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ছাড়াও বয়স্ক মানুষের চলাচলে সহায়ক হবে।
এসময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

