বুধবার

২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশজুড়ে কালবৈশাখীর দাপট, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

🕙 প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬ । ৬:৪৪ পূর্বাহ্ণ

বৈশাখের শুরুতে টানা প্রায় দশদিনের তীব্র দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নিয়ে দেশে শুরু হয়েছে কালবৈশাখী। সোমবার (২৭ এপ্রিল) থেকে শুরু হওয়া এই ঝড়ো আবহাওয়া আগামী পাঁচ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বায়ুচাপের তারতম্যের কারণে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বুধবার সকালে আবহাওয়াবিদ আবদুল হামিদ জানান, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের ফলে সাগর উত্তাল রয়েছে। দেশের অভ্যন্তরেও তৈরি হচ্ছে প্রচুর বজ্রমেঘ, যার প্রভাবে বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাত আজ ও আগামীকালও অব্যাহত থাকতে পারে, সঙ্গে থাকতে পারে বজ্রসহ ঝড়ো হাওয়া।
আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিতে পারে। বিশেষ করে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।
আজ সকাল ৭টার পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২৫ মিনিটে।
আগামী বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
এছাড়া ১ মে ও ২ মে তারিখেও দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি ও বজ্রঝড়ের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এই সময় দিনের তাপমাত্রা সামান্য কমলেও পরবর্তী সময়ে আবার বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি আরও জানিয়েছে, আগামী পাঁচ দিন পর বৃষ্টিপাতের প্রবণতা কমে গিয়ে আবারও তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ